পেরুর হাইওয়েতে ৩০ রাউন্ড গুলি! ভারতীয় যুবক ও সঙ্গিনীর গাড়িতে ভয়ঙ্কর হামলা, নেপথ্যে কী?

পেরুর কালাও শহরের কোস্তা ভের্দে হাইওয়েতে ভোরবেলার আধো-অন্ধকারে এক চাঞ্চল্যকর ও রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। বিমানবন্দরে যাওয়ার পথে এক ভারতীয় যুবক ও তাঁর পেরুভীয় সঙ্গিনীর জিপ লক্ষ্য করে ৩০ রাউন্ডেরও বেশি গুলি চালানোর অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিওতে ধরা পড়া এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার নানা অসঙ্গতি নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

গত শুক্রবার, ২৭ নভেম্বর সকাল সাড়ে ছ’টা নাগাদ ২৯ বছর বয়সি ভারতীয় নাগরিক বিজয় পাগরানি ইজা এবং তাঁর ৩৫ বছর বয়সি পেরুভীয় সঙ্গিনী মারি নাটালি মিরান্ডা এসপিনোজা একটি কালো জিপে করে জর্জ শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। লা পেরলার সান্তা রোসা এগজিটের কাছে পৌঁছালে তিনটি গাড়ি হঠাৎ তাঁদের জিপের সামনে ও পাশে এসে দাঁড়ায় এবং চারদিক থেকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িগুলো থেকে সাত থেকে দশজন মুখোশধারী নেমে জিপের কাচ ও বডি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এরপর দরজা খুলে এক যাত্রীকে টেনে বাইরে বের করা হয় এবং ভেতরে থাকা ব্যাগ ও প্যাকেট লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

রক্তাক্ত অবস্থায় কোনোমতে প্রাণে বাঁচেন বিজয় ও মারি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তের দাগ অনুসরণ করে আশপাশের ক্লিনিকগুলোতে তল্লাশি চালায় এবং সান মিগুয়েলের ‘সান জুদাস তাদেও’ ক্লিনিকে তাঁদের খুঁজে পায়। দু’জনের শরীরে গুলি লাগলেও চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা এখন বিপন্মুক্ত এবং স্থিতিশীল আছেন। কালাও পুলিশ অঞ্চলের প্রধান জেনারেল ওলগার বেনাভিদেস জানান, প্রাথমিক তদন্তে এটি সাধারণ ছিনতাই নয় বরং পূর্বপরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে এবং বিমানবন্দরের দিকে যাওয়ার সময় থেকেই তাঁদের পিছু নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে নতুন মোড় এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসায়। পালানোর সময় কোস্তা ভের্দে পাহাড়ের খাদের দিকে ছুড়ে ফেলা তিনটি মোবাইল ফোন উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পুলিশ, যা থেকে কল রেকর্ড ও লোকেশন ট্র্যাক করে গ্যাংয়ের নাগাল পাওয়ার আশা করা হচ্ছে। হামলায় ব্যবহৃত B6H-624 নম্বরের একটি নিসান গাড়ির সন্ধানও মিলেছে, যার বিরুদ্ধে ২০১১ সালের পথ দুর্ঘটনা, ২০২৪ সালের খুনের চেষ্টার মামলা এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচারের রেকর্ড রয়েছে। অন্যদিকে, লুট হওয়া ব্যাগে সোনা-গয়না না কি শুধু জামাকাপড় ছিল তা নিয়ে পরস্পরবিরোধী দাবি উঠেছে, পাশাপাশি আক্রান্তদের জিপ থেকে ২০২৩ সালে চুরি যাওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও তদন্তকারীদের ভাবাচ্ছে। শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না গেলেও পুরো ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত চালাচ্ছে পেরু পুলিশ।