ভোররাতে এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশি অভিযান, পড়ুয়াদের বিক্ষোভে তীব্র উত্তেজনা

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআই ক্যাম্পাসে শনিবার সকালে পুলিশের অভিযানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পড়ুয়াদের অভিযোগ, ভোর ৬টা নাগাদ তিনশোরও বেশি পুলিশকর্মী ক্যাম্পাসে ঢোকেন, যাঁদের অনেকের মুখ কাপড়ে ঢাকা ছিল। অভিযোগ অনুযায়ী, পুলিশি তত্ত্বাবধানে অস্থায়ী বিক্ষোভ মঞ্চের সমস্ত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে দেওয়া হয়।
পড়ুয়াদের দাবি, ওই সামগ্রীগুলি প্রতিষ্ঠানেরই সম্পত্তি ছিল, তবু সেগুলি দু’টি ছোট পিক-আপ ভ্যানে তুলে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এই পদক্ষেপের প্রতিবাদ করতে গেলে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ উঠেছে। কয়েকজন পড়ুয়াকে মারধর ও বলপ্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা; ছাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার ও টানাহেঁচড়ার অভিযোগ তোলা হয়েছে।
ছবি ও ভিডিয়ো তুলতে গেলে কয়েকজন পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ করেছেন ছাত্রছাত্রীদের একাংশ। এক পড়ুয়ার দাবি, কোনও প্ররোচনা ছাড়াই এই আক্রমণ চালানো হয়েছে এবং ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়। পড়ুয়াদের আরও অভিযোগ, সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে পুলিশ মোতায়েন ছিল এবং হস্টেল থেকে মূল গেটের দিকে যেতে বা ক্যাম্পাসের বাইরে বেরোতে তাঁদের বাধার মুখে পড়তে হয়েছে।
অন্যদিকে, পুরো ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে এসআরএফটিআই কর্তৃপক্ষ। তাদের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে পড়ুয়াদের একাংশ ক্যাম্পাসের ভেতরে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং আদালতের হস্তক্ষেপ ও কলকাতা পুলিশের সহযোগিতায় সেই অবৈধ কাঠামো সরানো হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, আন্দোলনের আড়ালে ক্যাম্পাসে আগুন জ্বালানো, উচ্চস্বরে গান বাজানো, গভীর রাত পর্যন্ত পার্টি করা, বহিরাগতদের ঢুকিয়ে শিক্ষক ও কর্মীদের ভয় দেখানো এবং মাদক ও মদ্যপানের মতো ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পড়ুয়াদের আন্দোলন ঘিরে দীর্ঘদিন ধরেই এসআরএফটিআইয়ে অচলাবস্থা চলছে এবং প্রশাসনের সঙ্গে সংঘাত ক্রমশ তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ নির্দেশিকা জারি করে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যার মাঝেই শনিবার ভোরের অভিযানে ফের উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।