ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য! প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু!

প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা মহম্মদ আলির দেহ সেলের বাইরে একটি গলির মধ্যে থেকে উদ্ধার হয়। এরপর শুক্রবার তাঁর দেহের ময়নাতদন্ত হয়। সূত্রের দাবি, ময়নাতদন্তের পর জানা গেছে ভোঁতা অথচ ভারী জাতীয় কোনও বস্তু দিয়ে আঘাতের ফলেই মৃত্যু হয়েছে ওই বন্দির। এদিকে পুলিশ খতিয়ে দেখে জানতে পেরেছে, যে সেলে তিনি ছিলেন, ঘটনার দিন সকাল থেকে সেখানে বারবার কাউন্টিং হয়। দুপুর ৩টে পর্যন্ত যে কাউন্টিং হয়, সেখানেও উপস্থিত ছিলেন ওই বন্দি। কিন্তু বিকেল ৫টার কাউন্টিংয়ের সময় তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই খোঁজাখুঁজি শুরু করে জেল কর্তৃপক্ষ। বিকেল ৫.৪০ নাগাদ সেলের বাইরে একটি গলির মধ্যে থেকে উদ্ধার হয় মহম্মদ আলির দেহ। তদন্তকারীদের অনুমান, দুপুর ৩টে থেকে বিকেল ৫টার মধ্যেই যা ঘটার ঘটেছে। এদিকে জেল কর্তৃপক্ষের তরফে হেস্টিংস থানায় অভিযোগ জানানো হয়েছে। তার ভিত্তিতেই খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ফের বিচারাধীন বন্দির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেসিডেন্সি জেল চত্বরে উদ্ধার হওয়া মৃত মহম্মদ আলি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বিরুদ্ধে দুটি মামলা ছিল বলে জানা গেছে; একটি ২০২০ সালের এন্টালির মাদক মামলা এবং অন্যটি ২০১০ সালে জিআরপি-তে দায়ের হওয়া মামলা। বৃহস্পতিবার বন্দিদের রোল কলের সময় নজরে আসে যে তিনি সেখানে নেই। এর কিছুক্ষণ পর সেলের বাইরে একটি গলির মধ্যে মহম্মদ আলির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথার ক্ষত দেখে তদন্তকারীদের অনুমান, ভারী ও ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি জেলের মধ্যে মারপিটের ঘটনায় মহম্মদ আলির নাম জড়ায়। সেই ঘটনার সঙ্গে মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রেসিডেন্সি জেলের মতো একটি হাই সিকিউরিটি জোনে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার ঘটনার সময় যাঁরা ডিউটিতে ছিলেন এবং আশেপাশের সেলের বন্দিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এর আগে গত অক্টোবরে বারুইপুর মহকুমা হাসপাতালে ২ বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।