ট্রেনে বিড়ি-সিগারেট ধরলেই কড়া শাস্তি! ৫০০০ টাকা জরিমানার সতর্কতা পূর্ব রেলের

ট্রেনে অগ্নি-সুরক্ষা বিধি লঙ্ঘন, দাহ্য সামগ্রী বহন এবং ধূমপানের বিরুদ্ধে কড়া অবস্থান নিল পূর্ব রেল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনে পেট্রোল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার, বাজি বা বিস্ফোরক জাতীয় দাহ্য পদার্থ নিয়ে উঠলে জেল ও জরিমানার পাশাপাশি কামরার মধ্যে ধূমপান করলেও মোটা অঙ্কের জরিমানা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
রেলের সতর্কবার্তা অনুযায়ী, দাহ্য বা বিপজ্জনক সামগ্রী থেকে আগুন লাগলে মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এবং শত শত যাত্রীর জীবন ও রেলের সম্পত্তি বিপন্ন হতে পারে। তাই লাগেজ বা পার্সেল গোছানোর সময় যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
ধূমপানে জরিমানার নিয়ম রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬৭ নম্বর ধারা অনুযায়ী, অন্য যাত্রী আপত্তি জানালে কামরার মধ্যে ধূমপান করা যায় না এবং রেল প্রশাসন নির্দিষ্ট ট্রেন বা অংশে ধূমপান নিষিদ্ধ করতে পারে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, জন বিশ্বাস (বিধান সংশোধন) আইন, ২০২৬ অনুসারে ধূমপানের জরিমানা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে; জরিমানা না দিলে এবং আদালতে মামলা হলে বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া কোটপা (COTPA), ২০০৩ আইনের আওতায় নিষিদ্ধ জনসমক্ষে ধূমপানের জন্য ২০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
অভিযানের পরিসংখ্যান ও সতর্কতা পূর্ব রেলের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ১৬৪ নম্বর ধারায় ১০৫টি মামলায় ১০৬ জন গ্রেপ্তার হন এবং ৯৫,২৫০ টাকা জরিমানা আদায় হয়; ১৬৭ নম্বর ধারায় ৫৪৭টি মামলায় ৫৪৭ জন গ্রেপ্তার হন ও ৬০,৫০০ টাকা জরিমানা মেলে। চলতি অর্থবর্ষের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৬৪ নম্বর ধারায় ৫০টি মামলায় ৫২ জন গ্রেপ্তার হয়েছেন (জরিমানা ৫০,৬৮০ টাকা) এবং ১৬৭ নম্বর ধারায় ৪৫১টি মামলায় ৪৫২ জন গ্রেপ্তার হয়েছেন (জরিমানা ৭ লক্ষ ৪৬ হাজার টাকা)।
সন্দেহজনক লাগেজ, দাহ্য পদার্থ বা ধূমপানের ঘটনা চোখে পড়লে দ্রুত রেলকর্মী বা আরপিএফ-কে জানাতে বলা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি চলছে; দুর্ঘটনা ঠেকাতে যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা জরুরি।