ভোটার তালিকা সংশোধনে নতুন সূচি! চূড়ান্ত তালিকা প্রকাশ কবে? জানুন দিনক্ষণ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা এসএসআর (SSR) প্রক্রিয়ার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। একাধিকবার দিন বদলের পর অবশেষে সামনে এল গুরুত্বপূর্ণ তারিখগুলো। নির্বাচন কমিশনের নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সমন্বিত খসড়া ভোটার তালিকা এবং সবশেষে ৮ ফেব্রুয়ারি ২০২৭ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

নতুন সূচিতে কোন কাজ কবে? প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে ৩ ডিসেম্বরের মধ্যে। এরপর ১৫ ডিসেম্বর সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের দিন থেকেই ভোটাররা দাবি ও আপত্তি জানাতে পারবেন। সেই সুযোগ চলবে আগামী ১৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। এরপর প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ ১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ৮ ফেব্রুয়ারি ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

কেন বদলাচ্ছিল সূচি? এর আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে দু-দু’বার সূচি পরিবর্তন করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের (SIR) পর রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া শুরুর কথা ছিল। প্রথমে ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক করেছিল কমিশন। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’র কারণ দেখিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সেই প্রক্রিয়া স্থগিত করে। এতে ভোটার তালিকা প্রকাশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছিল।

তথ্য যাচাই ও ভুল সংশোধনের নির্দেশ ইতিমধ্যেই এসআইআরের তথ্যের সঙ্গে মিলিয়ে ভোটার তালিকার ভুল সংশোধন করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) এই নির্দেশ পাঠানো হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, চলতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার মধ্যেই ভোটারদের ব্যক্তিগত তথ্য যাচাই ও সংশোধনের কাজ সেরে ফেলতে হবে।