পুর নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর শ্যালকের স্ত্রীকে সিবিআই তলব, নজরে শ্বশুরবাড়ির আরও সদস্য

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এ বার সিবিআইয়ের নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্বশুরবাড়ির সদস্যরা। সুজিত বসুর শ্যালকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি কতটা জানতেন এবং চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। শ্যালকের স্ত্রী ছাড়াও সুজিতের শ্বশুরবাড়ির আরও চার থেকে পাঁচ জন সদস্যকে চলতি সপ্তাহেই তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।
এর আগে গত শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিত বসুকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তাঁর দেওয়া উত্তরে সন্তুষ্ট নন গোয়েন্দারা। সেই জিজ্ঞাসাবাদের কয়েক দিন পরেই শ্বশুরবাড়ির সদস্যদের তলব করার এই পদক্ষেপ নেওয়া হলো।
সিবিআই সূত্রে আরও দাবি, দুর্নীতির কাজে সুজিত বসু তাঁর শ্যালককে ব্যবহার করেছিলেন এবং তাঁকে চাকরিও পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আর্থিকভাবে তিনি কী কী সুবিধা পেয়েছিলেন, তা-ও তদন্তের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে ইডি। গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম না থাকলেও ইডির চার্জশিটে সুজিত ও তাঁর ছেলের নাম রয়েছে। তদন্তকারীদের দাবি, দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন তাঁরা এবং দুর্নীতির অর্থ বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল। যদিও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সুজিত বসু এবং একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়েছে।