পাসপোর্ট কেড়ে পেয়িং গেস্টে বন্দি! সাইবার প্রতারণা চক্রে ধৃত ১, ফেরার দুই চাঁই

চাকরির টোপে পড়ে ভারতে এসেছিলেন তাঁরা। মোটা বেতন ও ভালো কেরিয়ারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং আটকে রেখে ভুয়ো স্কিমের মাধ্যমে সাইবার প্রতারণা চালাতে বাধ্য করা হয়। দিল্লি পুলিশের হস্তক্ষেপে নয়ডার সেক্টর ১৩৬ এলাকার বিভিন্ন বাড়ি থেকে ১৬৪ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯২ জন ইন্দোনেশিয়ার এবং ৭২ জন মালয়েশিয়ার নাগরিক।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক মানব পাচার এবং সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। অভিযানে ২৫ বছর বয়সি মালয়েশিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম টান গুয়ান ওয়েই। চক্রের দুই মূল অভিযুক্ত পলাতক থাকায় তাঁদের খোঁজে জোর তল্লাশি চলছে।
কীভাবে চলত প্রতারণার জাল?
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, চক্রের সদস্যরা বেছে বেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকদের উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে ভারতে আনত। ভারতে পৌঁছনোর পরই তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো এবং চলাফেরায় কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হতো।
তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া বিদেশিদের পেয়িং গেস্ট হিসেবে বিভিন্ন বাড়িতে আটকে রাখা হতো। তাঁদের বাইরে বেরোতে দেওয়া হতো না এবং নিম্নমানের খাবার দেওয়া হতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তুলে আস্থা অর্জনের কাজ করতেন তাঁরা। এরপর ভুয়ো প্রকল্পে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণা চালানো হতো।
পুলিশের বক্তব্য, অতীতে যেমন ভারতীয়দের মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার বা লাওসের মতো দেশে নিয়ে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য করা হতো, এই চক্রেও একই ধাঁচের কৌশল ব্যবহার করা হয়েছে।
তদন্তে উঠে এল কী কী?
দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, এক সপ্তাহ আগে একটি ই-মেলের মাধ্যমে এই প্রতারণা চক্রের খবর আসে। এরপরই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে।
তদন্তে সুনীল কুমার এবং সুশীল ভাটি নামে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁরা বর্তমানে ফেরার। উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পঞ্জাব এবং রাজস্থানসহ একাধিক রাজ্যে তাঁদের খোঁজে অভিযান চলছে।