‘শিশমহল’-এর অন্দরমহল এবার প্রকাশ্যে, দামি আসবাব-ফিটিংসে ট্যাগ ঝুলিয়ে চমক! সাধারণের জন্যও খুলছে দরজা?

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের একসময়ের সরকারি বাসভবন সংবাদমাধ্যমের জন্য খুলে দিল দিল্লি সরকার। ভারতীয় জনতা পার্টি যে বাংলোটিকে কটাক্ষ করে ‘শিশমহল’ বলে আক্রমণ করে এসেছে, সেটির সংস্কারে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ঘিরে দিল্লির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই তীব্র বিতর্ক চলছে। অন্দরমহলের প্রকৃত ছবি জনসমক্ষে আনতেই সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। সংবাদমাধ্যমের পর খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্যও এই বাসভবনের দরজা খুলে দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
বাংলোর ভিতরের দৃশ্যে দেখা গিয়েছে, একাধিক আসবাবপত্র ও সরঞ্জামের গায়ে সম্ভাব্য দামের ট্যাগ লাগানো রয়েছে। সেন্টার টেবিল, টেলিভিশন, সোফা এবং শৌচাগার বা পাউডার রুমের দামি ফিটিংস নিয়ে বিশেষ চর্চা শুরু হয়েছে। ২০১৫ থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত প্রায় এক দশক ধরে সপরিবারে এই বাংলোয় ছিলেন কেজরিওয়াল। ২০২৫ সালের ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা নির্বাচনের আগে থেকেই করদাতাদের অর্থ বিলাসবহুল সংস্কারে ব্যয়ের অভিযোগ তুলে আপ সরকারকে নিশানা করেছিল বিজেপি।
চলতি বছরের মার্চ মাসে দিল্লি বিধানসভায় পেশ হওয়া ক্যাগ অডিট রিপোর্টের পর এই বিতর্ক আরও তীব্র হয়। ওই রিপোর্ট অনুযায়ী, বাংলোর প্রাথমিক সংস্কার ও নির্মাণ খরচের অনুমান ছিল ৭.৯১ কোটি টাকা, অথচ বাস্তবে ব্যয় হয়েছে ৩৩.৬৬ কোটি টাকা। ক্যাগ রিপোর্টের এই তথ্যকে হাতিয়ার করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। যদিও আম আদমি পার্টি সমস্ত অভিযোগ খারিজ করে দাবি করেছে, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।