বাথরুমের প্রথম ভিডিও থেকে পুতিনের সঙ্গে সেলফি! চমকে দিলেন ভারতের ‘AI কিড’

মাত্র ৯ বছর বয়সে বাড়ির বাথরুমে বসে কৌতূহল থেকে প্রথম ভিডিও বানিয়েছিলেন কেরলের রাহুল জন আজু। আজ ১৭ বছর বয়সে মস্কোয় ‘AI জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে আলোচনায় উঠে এসেছেন ভারতের ‘AI কিড’ নামে পরিচিত এই কিশোর। পুতিনের সঙ্গে ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে রাহুল লিখেছেন, বাথরুমে ভিডিও বানানো থেকে শুরু করে পুতিনের সঙ্গে সেলফি তোলা—জীবন তাঁকে যে এখানে পৌঁছে দেবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি।
মস্কোর সম্মেলনে বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদদের সান্নিধ্যে এসে রাহুল উপলব্ধি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জগতে তাঁর শেখার আরও অনেক কিছু বাকি রয়েছে। সাফল্য তাঁকে মানুষ হিসেবে কীভাবে বদলে দিয়েছে, সে বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মা-বাবা, বন্ধু এবং ‘এআই জার্নি’ টিমের অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি।
কেরলের নর্থ এডাপল্লি গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির কমার্সের পড়ুয়া রাহুল নিজের সংস্থা ‘এআইরিয়েলম টেকনোলজিস’-এর প্রতিষ্ঠাতা ও চিফ টেকনোলজি অফিসার। তাঁর স্টার্টআপে কাজ করেন তাঁর বাবা, যাঁর মাসিক বেতন প্রায় দুই লক্ষ টাকা। সংস্থার মাধ্যমে রাহুল প্রায় ১৫টি এআই টুল তৈরি করেছেন এবং প্রায় পাঁচ লক্ষ মানুষকে এআই প্রশিক্ষণ দিয়েছেন। কেরল সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জরুরি সিদ্ধান্ত সহায়তাকারী প্ল্যাটফর্ম ‘জাস্টিজ’ এবং আইনি সহায়তা ও জরুরি পরামর্শের ‘রেসকিউ এআই’ তাঁর উল্লেখযোগ্য প্রকল্প।
এর আগে ২০২৬ সালেই দিল্লিতে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও দেখা করেছিলেন রাহুল এবং এআই যুগে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে কথা বলেছিলেন। শখের ভিডিও তৈরি থেকে উদ্যোক্তা হয়ে ওঠার এই সফর নিয়ে রাহুলের মন্তব্য, তিনি আজও সেই কৌতূহলী শিশুটিই আছেন, শুধু নতুন গল্প যোগ হয়েছে—যার মধ্যে পুতিনের সঙ্গে সাক্ষাৎ এক সোনালি অধ্যায়।