ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থ দত্ত, আগামী ৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা

পাত্রী টলিউডের প্রথম সারির অভিনেত্রী, পাত্র পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। ঘর বাঁধলেন দুই পাখি। যদিও আজ আইনি বিয়ে সারলেন দু’জনে। আগামী ৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে একদম ছিমছাম বিয়ের আসর বসেছিল মিমির কসবার বাড়িতে।
বিয়ের খবর সামনে আসার পর থেকেই অভিনেত্রীর হবু জীবনসঙ্গীকে নিয়ে কৌতূহল তুঙ্গে ছিল। মিমির সঙ্গে আইনিভাবে বাঁধা পড়লেন সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদন জগতের কেউ নন, বরং মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত। আইনি সইসাবুদের সময় পাত্রের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা। মিমি পরেছেন সোনালি ও অফ-হোয়াইটের মিশেলে রঙের পোশাক। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর-কনের একসঙ্গে কোনও ছবি মেলেনি।
তারকা বিয়ের চেনা জাঁকজমক থেকে দূরে, ব্যক্তিগত পরিসরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মিমি। একেবারে ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে রেজিস্ট্রি এবং বাগদান। দুই পরিবারের হাতে গোনা কয়েকজন সদস্য এবং টলিউডের খুব কাছের তিন-চারজন মানুষ ছাড়া এই অনুষ্ঠানে বিশেষ কেউ ছিল না। বন্ধুদের মধ্যে দেখা গিয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়, ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে।
মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে যে জল্পনা বেশ কিছুদিন ধরেই ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল পোষ্যদের সঙ্গে বিয়ের কার্ডের ছবি। সেখানে বর-কনের ছবির সঙ্গে জায়গা পেয়েছে মিমির তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদু। যদিও মুখে লজ্জা লজ্জাভাব, বিয়ের গ্লো আগেই বলে দিচ্ছিল সবটা, তবে সংবাদমাধ্যমের সামনে বারবার এড়িয়ে গেছেন তিনি। শেষমেশ সেটাই সত্যি হল।
পশুপ্রেমী মিমির জীবনে তাঁর পোষ্যদের গুরুত্ব কতটা, তা অনুরাগীদের অজানা নয়। বিয়ের আমন্ত্রণপত্রেও সেই তিন চারপেয়ে সঙ্গীকে জায়গা দেওয়ার বিষয়টি নজর কেড়েছে।
বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর সামনে এসেছে। সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরে দেখা গিয়েছিল মিমিকে। সঙ্গে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। সেই ছবি সামনে আসার পর থেকেই অভিনেত্রীর বিয়ের পোশাক নিয়ে জল্পনা শুরু হয়। যদিও সব্যসাচীর স্টোরে তাঁর উপস্থিতির সঙ্গে বিয়ের পোশাকের কোনও যোগ ছিল কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এখন সবটাই জলের মতো পরিষ্কার।
কলকাতায় আইনি পর্ব মিটলেও বিয়ের উৎসব অবশ্য এখানেই শেষ নয়। সূত্রের খবর, ডিসেম্বরের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত কালিম্পংয়ে চলবে বিয়ের একাধিক অনুষ্ঠান। পাহাড়ের কোলে এক নির্দিষ্ট রিসর্টে ঘনিষ্ঠদের নিয়ে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ৩ ডিসেম্বর ককটেল ডিনার, ৪ ডিসেম্বর মেহেন্দি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতেই সম্পূর্ণ হবে বিয়ের পর্ব। অতিথি সংখ্যা নিয়েও নানা খবর সামনে এসেছে। খুব বড় তারকাখচিত আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা বলে জানা যাচ্ছে।
মিমির বিয়েকে ঘিরে জলপাইগুড়িতেও উৎসাহ কম নয়। অভিনেত্রীর শৈশবের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের সেই শহর, বিশেষ করে মামাবাড়ির এলাকা। পরিবারের সদস্যদের কথায়, মিমির বিয়ের খবর তাঁদের কাছে অত্যন্ত আনন্দের। কলকাতা এবং কালিম্পংয়ে আলাদা অনুষ্ঠানের পরিকল্পনায় আত্মীয়দেরও ভাগ হয়ে থাকতে হবে। উত্তরবঙ্গের সঙ্গে মিমির সম্পর্ক যে কেবল শৈশবের স্মৃতিতে আটকে নেই, বিয়ের আয়োজনের স্থান নির্বাচনেও সেই শিকড়ের টান যেন স্পষ্ট।
বিয়ের পর কলকাতায় ফিরে টলিউডের বন্ধুদের নিয়ে রিসেপশন আয়োজনের সম্ভাবনাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। তবে সেই অনুষ্ঠান কবে, কোথায় হবে, তা এখনও নিশ্চিত নয়। মিমি নিজে বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও বক্তব্য রাখেননি।
- Pratik Saha
- ফিফার গোপন তথ্যে হ্যাকারদের হানা! ১২ জিবি তথ্য ফাঁসের দাবিতে তোলপাড় ফুটবল বিশ্ব November 26, 2026
- সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 'স্বঘোষিত সাংবাদিকরা' বিক্ষোভ কভার করার সময় স্বীকৃত সাংবাদিকদের মতো একই সুরক্ষা নাও পেতে পারেন November 26, 2026
- মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করল IBM, ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য দেশে স্থানান্তরিত হতে হবে অথবা চাকরি ছাড়তে হবে November 26, 2026
- সুপ্রিম কোর্টের মৌখিক পর্যবেক্ষণ, 'স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা নাও পেতে পারেন' November 26, 2026
- প্রেসিডেন্সি সংশোধনাগারের বাথরুম থেকে উদ্ধার বিচারাধীন বন্দি মহম্মদ আলির রক্তাক্ত দেহ, মাথায় গভীর আঘাতের চিহ্ন November 26, 2026