৩ থেকে ৫ বছর বয়সি শিশুদের ভাষার বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে বাবা-মায়ের ফোন ব্যবহারের অভ্যাস, নতুন গবেষণায় উদ্বেগ প্রকাশ

অফিস থেকে ফিরে ফোনে চোখ, খাওয়ার সময়েও চলছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল, সন্তানের সঙ্গে খেলতে খেলতেও বারবার নোটিফিকেশন দেখা! আধুনিক জীবনে বাবা-মায়ের এই অভ্যাস অত্যন্ত পরিচিত। কিন্তু জানেন কি, আপনার ফোনের প্রতি অতিরিক্ত মনোযোগই সন্তানের কথা বলতে শেখার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। বিশেষ করে ৩ থেকে ৫ বছর বয়সি শিশুদের ভাষার বিকাশের ক্ষেত্রে বাবা-মায়ের ফোন ব্যবহারের অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে জানাচ্ছেন গবেষকেরা।

পর্তুগালের বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা করা হয়েছে। ৩ থেকে ৫ বছর বয়সি ৯৩টি শিশুর পরিবারকে নেওয়া হয়েছিল। কাজের সময়ের বাইরে বাবা-মায়ের মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস, রাতে শিশুদের ট্যাবলেট ব্যবহারের প্রবণতা এবং পরিবারের সদস্যদের মধ্যে অতিরিক্ত নির্ভরশীল সম্পর্কের সঙ্গে শিশুদের ভাষার বিকাশে সমস্যার যোগ রয়েছে। অর্থাৎ শুধু শিশুর নিজের স্ক্রিন টাইম নয়, বাবা-মা কতটা সময় ফোনে ব্যস্ত থাকছেন, সেটিও গুরুত্বপূর্ণ।

ধরা যাক, শিশু কোনও নতুন শব্দ বলার চেষ্টা করছে। কিন্তু সেই সময়ে বাবা বা মা ফোনে মেসেজ পড়তে ব্যস্ত। ফলে শিশুর কথার উত্তর দেওয়া হল না, ভুল উচ্চারণ শুধরে দেওয়ার সুযোগও তৈরি হল না। এভাবে প্রতিদিন ছোট ছোট কথোপকথনের সুযোগ হারিয়ে যেতে পারে। শিশুর নতুন শব্দ শেখা এবং নিজে থেকে কথা বলার অভ্যাসও বাধা পেতে পারে। ২০২৪ সালে প্রকাশিত JAMA Pediatrics-এর একটি গবেষণাতেও দেখা গিয়েছিল, শিশুদের স্ক্রিন ব্যবহারের সময় বাড়লে বাড়ির পরিবেশে বড়দের বলা শব্দ, শিশুদের নিজস্ব শব্দ উচ্চারণ এবং কথোপকথনের আদানপ্রদানের সংখ্যা কমে যেতে পারে।

সন্তানের ভাষার বিকাশে বাবা-মা কী করবেন?

১. পরিবারের সকলে একসঙ্গে বসে খাওয়ার সময়ে ফোন দূরে রাখুন। এই সময় সন্তানের সঙ্গে গল্প করুন।

২. প্রতিদিন শিশুকে গল্পের বই পড়ে শোনান। এতে নতুন শব্দ ও বাক্য গঠন সম্পর্কে ধারণা তৈরি হবে।

৩. শিশু কিছু বলতে চাইলে তার কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। তার হয়ে নিজে উত্তর দিয়ে দেবেন না।

৪. ছড়া, গান, অভিনয় করে গল্প বলা কিংবা সাধারণ খেলাধুলার মাধ্যমেও শিশুর ভাষার বিকাশে সাহায্য করা যায়।

৫. ঘুমানোর আগে ট্যাবলেট বা মোবাইলের বদলে গল্প বলা কিংবা বই পড়ার অভ্যাস তৈরি করুন।

তবে গবেষকেরা এটাও স্পষ্ট করেছেন যে, এই সমীক্ষায় ফোন ব্যবহারের সঙ্গে ভাষার বিকাশে সমস্যার যোগ পাওয়া গিয়েছে, সরাসরি কারণ-সম্পর্ক প্রমাণিত হয়নি। তাই বাবা-মায়ের ফোন ব্যবহার মানেই সন্তানের কথা বলতে দেরি হবে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর কারণ নেই। বরং সন্তানের সঙ্গে প্রতিদিন পর্যাপ্ত সময় কথা বলা, তার কথা মন দিয়ে শোনা এবং মুখোমুখি যোগাযোগ বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।