দেশের মাটিতে তৈরি প্রথম সি-২৯৫ বিমান কবে পাচ্ছে বায়ুসেনা? বড় মাইলফলকের সামনে ভারত

ভারতের প্রতিরক্ষা বিমান উৎপাদন খাতে নতুন মাইলফলক ছুঁতে চলেছে দেশ। সূত্রে খবর, ভারতের মাটিতে তৈরি প্রথম সি-২৯৫ (C-295) সামরিক পরিবহন বিমানটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হতে পারে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস ও এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি এই বিমানটি বর্তমানে চূড়ান্ত ফ্লাইট পরীক্ষা ও সনদ গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।
প্রতিরক্ষা সূত্র অনুযায়ী, প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্পে মোট ৫৬টি সি-২৯৫ বিমান আসছে ভারতের হাতে। এর মধ্যে ১৬টি বিমান ইতিমধ্যে স্পেন থেকে এসেছে এবং বাকি ৪০টি বিমান তৈরি হচ্ছে গুজরাটের ভদোদরায়।
ভারতে তৈরি এই বিমানটি হবে বেসরকারি খাতে নির্মিত প্রথম সামরিক পরিবহন বিমান। সেনা যাতায়াত, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ, প্যারাট্রুপার মোতায়েন এবং জরুরি উদ্ধারকাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একসঙ্গে ৭১ জন সেনা কিংবা প্রায় ৯ টন পণ্য বহনে সক্ষম এই বিমান সীমিত পরিকাঠামোর ছোট রানওয়ে থেকেও ওড়ানামা করতে পারে। ফলে পার্বত্য এলাকা ও চিন সীমান্ত লাগোয়া দুর্গম অঞ্চলে রসদ ও সেনা মোতায়েন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
পুরোনো অ্যাভ্রো বিমানের জায়গা নেওয়া এই সি-২৯৫ বিমান ভারতীয় বিমান বাহিনীর পরিবহন সক্ষমতাকে আরও জোরদার করবে। পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা ও বেসরকারি সংস্থার অংশগ্রহণ বাড়িয়ে ভারতের বিমান নির্মাণ শিল্পে নতুন অধ্যায় যোগ করবে এই উদ্যোগ।