বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকে রহস্যমৃত্যু! ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতা পুলিশের চালকের

কলকাতার বাঁশদ্রোণী পুলিশ ব্যারাক থেকে এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সঞ্জয় হালদার (৪২)। তিনি কলকাতা পুলিশের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বাঁশদ্রোণী পুলিশ ব্যারাকের দোতলার একটি ঘরে একাই ছিলেন সঞ্জয়। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ সহকর্মীরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং সহকর্মীদের বয়ানের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।