মানসিক চাপ কেন আপনার জন্য ভালো হতে পারে? জেনেনিন কি বলছে বিশেষজ্ঞরা?

মানসিক চাপ নিয়ে প্রচলিত ধারণা হলো, এটি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত এবং কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকার চেষ্টা করতে হবে। তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। জীবনের নানা পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া দেখানো বা মানসিক চাপ অনুভব করাও স্বাভাবিক; বরং এসব প্রতিক্রিয়া নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তাই নতুন করে মানসিক চাপ তৈরি করতে পারে।

সাম্প্রতিক গবেষণায় মানসিক চাপকে নতুনভাবে দেখার কথা বলা হয়েছে। কিছু চাপ সৃষ্টিকারী পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী করে তুলতে পারে এবং চাপের প্রতি তীব্র প্রতিক্রিয়াও স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। সঠিক মানসিক কৌশল কাজে লাগিয়ে চাপের ইতিবাচক দিকগুলো ব্যবহার করা সম্ভব।

মানসিক চাপ ও নিজের মূল্যবোধ

মানসিক চাপ আপনার ওপর ঘটে যাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা পরিস্থিতির প্রতি ব্যক্তিগত প্রতিক্রিয়া। কোনো বিষয় যত বেশি গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে প্রতিক্রিয়াও তত তীব্র হতে পারে। তাই বেশি চাপ অনুভব করার অর্থ এই নয় যে আপনি শান্ত থাকতে পারছেন না; বরং এর অর্থ, বিষয়টি আপনার কাছে অর্থবহ এবং এতে মনোযোগ দেওয়া প্রয়োজন।

গবেষক কেলি ম্যাকগনিগাল তাঁর দ্য আপসাইড অব স্ট্রেস বইয়ে মানসিক চাপকে নতুনভাবে দেখার কৌশল তুলে ধরেছেন। শান্ত হওয়ার চেষ্টা করার বদলে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো চিহ্নিত করে লিখতে পরামর্শ দিয়েছেন তিনি। এতে কোন বিষয়গুলো বেশি অর্থবহ তা স্পষ্ট হয় এবং নিজেকে সব সময় চাপে বিপর্যস্ত না ভেবে গভীরভাবে অনুভবশীল ও যত্নশীল মানুষ হিসেবে দেখা যায়।

তীব্র প্রতিক্রিয়া, আবেগ ও মস্তিষ্কের ভূমিকা

তীব্র মানসিক চাপের প্রতিক্রিয়া নিজে কোনো সমস্যা নয়, বরং তা প্রতিকূলতা মোকাবিলার প্রস্তুতি নিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, দক্ষ ব্যক্তিদের মানসিক চাপের প্রতিক্রিয়া কমে না; তবে তাঁরা এটিকে দুশ্চিন্তা না ভেবে প্রস্তুতি ও দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে নেন। স্কাইডাইভাররাও অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে এই মানসিক সক্রিয়তাকে কাজে লাগান।

গবেষক লিসা ফেল্ডম্যান ব্যারেট ও তাঁর সহকর্মীরা দেখিয়েছেন, নিজের আবেগগুলো যথাযথভাবে চিহ্নিত করা এবং সেগুলোর নাম বলতে পারা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বাড়ায়। সব আবেগকে কেবল মানসিক চাপ শব্দ দিয়ে বোঝাতে চাইলে সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। পাশাপাশি গবেষণায় দেখা গেছে, মস্তিষ্ক শুধু প্রতিক্রিয়া দেখায় না; অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে কী ঘটতে পারে তা অনুমান করে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চাপ নিয়ে সঠিক ধারণা থাকলে ভবিষ্যৎকে আরও ইতিবাচকভাবে অনুমান করার প্রস্তুতি নেওয়া সহজ হয়।