‘উন্নয়ন হবে, হিসেবও হবে’, খাগড়াবাড়ির কনভয় হামলার প্রসঙ্গ টেনে কোচবিহারে কড়া বার্তা শুভেন্দুর

২০২৫ সালের অগাস্টে খাগড়াবাড়িতে তাঁর কনভয়ে হামলার ঘটনার প্রসঙ্গ তুলে কোচবিহারে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কোচবিহার সফরে গিয়ে রাসমেলার উদ্বোধন ও একাধিক বৈঠক থেকে তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘উন্নয়ন হবে, হিসেবও হবে’। পাশাপাশি রাজবংশী ভাষার স্বীকৃতি, অনুপ্রবেশ রোধ এবং জেলার সার্বিক উন্নয়নের রূপরেখা নিয়েও একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত বছরের ৫ অগাস্ট কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথি এলাকায় বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর কনভয়ে হামলার অভিযোগ ওঠে এবং তাঁর গাড়িতে পেট্রোল ঢালার দাবিও করা হয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর মামলাটি ফের খতিয়ে দেখা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এদিনের ভাষণে শুভেন্দু অধিকারী জানান, তিনি অনেক কিছু সহ্য করেছেন, খাগড়াবাড়িতে তাঁর গাড়িতে পেট্রোল ঢালা হয়েছিল এবং সেই ঘটনার সমস্ত ছবি যত্ন করে রাখা আছে। উন্নয়নের পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রাজবংশী ভাষা ও ঐতিহ্য নিয়ে বার্তারাসমেলার উদ্বোধনের আগে কোচবিহারের ল্যান্সডাউন হলে রাজবংশী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের সংকল্পপত্র অনুযায়ী পদক্ষেপ করা হবে। রাজবংশী ও কামতাপুরি ভাষার নাম নিয়ে যে বিভিন্ন প্রস্তাব রয়েছে, তা কেন্দ্রের কাছে পাঠানো হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১৯ নভেম্বর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও রাজবংশী সমাজের ২৯টি ঐতিহ্যবাহী ভবনের উন্নয়ন, রাজবংশী স্কুলগুলোর পরিকাঠামোর উন্নয়নে অর্থ বরাদ্দ, লোকশিল্পীদের ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে কর্মসংস্থানের মতো বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। অতীতে বাম আমলে ভূমি সংস্কারের নামে রাজবংশীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।
অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা ও উন্নয়নের রূপরেখাবাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহারে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। অবৈধভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যে পথে এসেছে সে পথেই ফেরত পাঠানোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ওপার থেকে আসা হিন্দুদের অনুপ্রবেশকারী নয়, শরণার্থী হিসেবে দেখা হবে এবং আশ্রয় দেওয়া হবে বলে জানান তিনি। সীমান্ত এলাকায় বেআইনি মাদ্রাসা, গাঁজা চাষ, জাল নোট ও মাদক পাচার বন্ধ করার ওপরও জোর দেন শুভেন্দু অধিকারী।
নারীদের নিরাপত্তায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি গোহত্যা প্রতিরোধ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কোচবিহারের উন্নয়নে গ্রামকে শহরে এবং শহরকে মহানগরীর আদলে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরেন তিনি। উপস্থিত মন্ত্রী ও বিধায়কদের সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশও দেন শুভেন্দু অধিকারী।