৬ কোটির ব্যবসা ও ২ কোটির বিমার লোভ! স্বামী-ছেলেকে সীসা খাইয়ে খুনের ছক স্ত্রীর

বিনা কারণে ঘনঘন অসুস্থ হয়ে পড়ছিলেন ব্যবসায়ী, আর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সামনে আসতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, স্বামীকে ধীরে ধীরে বিষপ্রয়োগ করে খুনের চেষ্টা করছিলেন স্ত্রী। ৬ কোটি টাকার ট্র্যাভেল এজেন্সি এবং ২ কোটি টাকার জীবন বিমা পলিসির লোভে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত রেনু ভাটনগর কেবল তাঁর স্বামীকেই নয়, ছেলে এবং ভাগ্নেকেও খুনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হওয়ার পর ২৩ নভেম্বর ইন্দিরাপুরম পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

কীভাবে প্রকাশ্যে এল ষড়যন্ত্র?

ইন্দিরাপুরম থানার অন্তর্গত বসুন্ধরার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর হঠাৎ ঘনঘন অসুস্থ হতে শুরু করলে সন্দেহ দানা বাঁধে। একই ধরনের উপসর্গে ভুগছিলেন তাঁর ছেলে ও ভাগ্নেও। স্বাস্থ্যের এমন হঠাৎ অবনতিতে ট্র্যাভেল এজেন্সির মালিক সুশীল ডাক্তারি পরীক্ষার সিদ্ধান্ত নেন। সেই রিপোর্ট দেখেই হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা, কারণ তাঁর শরীরে বিষাক্ত মাত্রায় সীসার উপস্থিতি ধরা পড়ে।

ধীরে ধীরে বিষপ্রয়োগের শিকার হচ্ছেন—এই আশঙ্কা থেকেই গত ২৪ সেপ্টেম্বর স্ত্রী রেনু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাঁকে, ছেলে ও ভাগ্নেকে হত্যার চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন সুশীল। অভিযোগ দায়েরের দুই মাস পর, ২৩ নভেম্বর রেনুকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম পুলিশ।

জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি ও তদন্ত

পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন রেনু। তদন্তকারীদের কাছে তিনি জানিয়েছেন যে স্বামীর ৫-৬ কোটি টাকা মূল্যের ট্র্যাভেল এজেন্সি এবং তাঁকে একমাত্র নমিনি করা ২ কোটি টাকার জীবন বিমা পলিসির ওপর নজর ছিল তাঁর। স্বামী মারা গেলে সমস্ত সম্পত্তি ও অর্থ তাঁর হাতে আসবে ভেবেই লোভের বশে খাবারে সীসা মেশাতে শুরু করেন বলে স্বীকার করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির আরও তদন্ত চলছে। এই চক্রান্তের সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং কীভাবে সীসা সংগ্রহ ও প্রয়োগ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।