উপগ্রহ চিত্রে ঘন মেঘের জাল, দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করল মৌসম ভবন

শীতের আমেজের মধ্যেই দেশের দক্ষিণ প্রান্তে ফের বৃষ্টির দাপট বাড়ার ইঙ্গিত মিলল। বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘন মেঘের আস্তরণ তৈরি হয়েছে, যা ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। ভারতের আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতির জেরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
গত ২৫ নভেম্বর ভারতের INSAT-3D এবং INSAT-3DR উপগ্রহ থেকে সংগৃহীত ছবিতে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ এবং সংলগ্ন সমুদ্রাঞ্চলে ঘন মেঘের উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়েছে। উপগ্রহ চিত্রে একাধিক সুসংগঠিত মেঘের বলয় নজরে এসেছে। এর ভিত্তিতে আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ থেকে ২৭ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই ওই অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য অংশে মেঘের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। INSAT-3DR-এর চিত্রে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকের সাগরের উপর ঘন মেঘের আস্তরণ দেখা গিয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের মধ্যভাগেও একাধিক পুরু মেঘের বলয় চোখে পড়েছে। অন্যদিকে, INSAT-3D-এর থার্মাল ইনফ্রারেড ছবিতেও দক্ষিণ ভারত ও পার্শ্ববর্তী সমুদ্রাঞ্চলে বিস্তৃত মেঘের উপস্থিতি স্পষ্ট হয়েছে।
আবহাওয়া দফতরের ব্যাখ্যা অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম-মধ্য অংশ পর্যন্ত নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে একটি ইস্টারলি ট্রাফ বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি কোমোরিন অঞ্চল থেকে রায়ালসীমা পর্যন্ত আরও একটি ইস্টারলি ট্রাফ সক্রিয় রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ কেরল ও সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই একাধিক আবহাওয়া সিস্টেমের সম্মিলিত প্রভাবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মেঘের সঞ্চার ঘটছে এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
মৌসম ভবনের সতর্কবার্তা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।