বড়দিন মানেই কলকাতা আর কেকের গন্ধ, নতুন গান নিয়ে ফিরছেন ঊষা উত্থুপ

বড়দিন এলেই কলকাতার চেহারা বদলে যায়। পার্ক স্ট্রিটের ঝলমলে আলো, জিঙ্গল বেলসের পরিচিত সুর আর উৎসবের আমেজে মেতে ওঠে শহর। এই আবহের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপের বহু স্মৃতি ও আবেগ। তাঁর কাছে ক্রিসমাস কেবল একটি উৎসব নয়, বরং এক বিশেষ অনুভূতি এবং জাদু। সেই উৎসবের মরসুমেই নতুন ইংরেজি গান ‘কামিং হোম’ নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তিনি। ঘরে ফেরার টান, ভালোবাসা, সম্পর্কের উষ্ণতা আর একসঙ্গে থাকার আনন্দকে কেন্দ্র করেই তৈরি হয়েছে গানটি।

ঊষা উত্থুপের কথায়, কলকাতায় এলে ক্রিসমাসের শব্দ, সুর আর আবহ সবকিছুই আলাদাভাবে ধরা দেয়। চারপাশে জিঙ্গল বেলস আর ‘সাইলেন্ট নাইট’-এর সুর ভেসে বেড়ায়, যা বড়দিনকে আরও বিশেষ করে তোলে। শহরের উৎসবের উচ্ছ্বাস এবং আলোর সাজ তাঁকে বরাবরই টানে বলে জানিয়েছেন তিনি।

বড়দিনের প্রসঙ্গ উঠলে ঊষা উত্থুপের কাছে পার্ক স্ট্রিট অবশ্যম্ভাবীভাবে চলে আসে। শহরের ক্রিসমাস উদ্‌যাপনের অন্যতম প্রাণকেন্দ্র এই রাস্তার সঙ্গে তাঁর সম্পর্ক বহু বছরের। এ প্রসঙ্গে তিনি বলেন, পার্ক স্ট্রিটকে মিস করার প্রশ্নই ওঠে না, কারণ তিনি এই জায়গাটিকে ভালোবাসেন এবং এটি তাঁর রক্তের সঙ্গে মিশে আছে। তাঁর মতে, ক্রিসমাস মানেই পার্ক স্ট্রিট, আবার পার্ক স্ট্রিট মানেই ক্রিসমাস। গানের জীবনের শুরুর দিকের নানা স্মৃতি এবং ঐতিহ্যবাহী ‘ট্রিঙ্কাস’-এর কথাও উঠে আসে তাঁর কথায়। তাই কলকাতার বড়দিন তাঁর কাছে নিজের জীবনের নানা অধ্যায় ফিরে দেখারও সময়।

জানা গেছে, ‘কামিং হোম’ গানটির মিউজিক ভিডিয়োর শুটিং হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী বদন চন্দ্র রায় রাজবাড়িতে। ভিডিয়োয় অভিনয় করেছেন সুপ্রতিম রায় এবং সায়নী দত্ত। গানটির কথা ও সুর সাজিয়েছেন আমেরিকাবাসী সুরকার ও গীতিকার সৃজয় মিত্র, আর পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন তেজস গান্ধী। গানটি নিয়ে আশাবাদী সুপ্রতিম ও সায়নী দুজনেই। তবে শ্রোতাদের কাছে এই গানের অন্যতম বড় আকর্ষণ ঊষা উত্থুপের কণ্ঠ এবং কলকাতার বড়দিনের সঙ্গে তাঁর আবেগের যোগ।

ক্রিসমাসের রং নিয়েও নিজস্ব ভাবনার কথা ভাগ করে নিয়েছেন ঊষা উত্থুপ। সবুজ পোশাকে সেজে তিনি জানান, বড়দিন মানেই সবুজ, আর কলকাতাও তাঁর কাছে সবুজের শহর। লাল ও সবুজের মেলবন্ধন তাঁর কাছে শান্তি ও মানবতার ভ্রাতৃত্বের প্রতীক। আলো, রং আর গানের মধ্য দিয়ে তিনি একসঙ্গে থাকার বার্তাই খুঁজে পান।

বড়দিনকে জীবনের উদ্‌যাপন হিসেবে দেখেন এই শিল্পী। তাঁর কথায়, বাড়িতে পরিবার ও আপনজনদের সঙ্গে ক্রিসমাস কাটানোর আনন্দ আলাদা, আর ক্রিসমাসকে কোনও নির্দিষ্ট সংজ্ঞায় বাঁধা যায় না। সেই ঘরে ফেরার অনুভূতিকেই সুরে বাঁধছে ‘কামিং হোম’। শহর যখন আলোয় সেজে উঠবে এবং পার্ক স্ট্রিট উৎসবের রঙে রাঙাবে, তখন এই গানও সেই আবহে নতুন সুর যোগ করবে।

নিজের হাতে তৈরি কেক ছাড়া ঊষা উত্থুপের বড়দিন যেন অসম্পূর্ণ। তিনি জানান, বাড়িতে বড়দিনে তাঁর টেবিল ভরে থাকে নিজের তৈরি কেকে। ইতিমধ্যেই কেক তৈরির উপকরণ কিনে রাম ও ব্র্যান্ডিতে ভিজিয়ে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই লোয়ার সার্কুলার রোডে নিজের বেকারিতে গিয়ে কেক তৈরির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।