অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে লাখ লাখ মানুষের ঢল, ১০ কিমি জ্যামে আটকে স্পিকারের কনভয়ও!

বিহারের মোকামার বিধায়ক তথা বাহুবলী নেতা অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে উপচে পড়ল মানুষের ঢল। সবার জন্য খোলা আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম নাদওয়ানে জড় হন। এই বিপুল জনসমাগমের জেরে গোটা এলাকায় তীব্র যানজট তৈরি হয়। দু’লেনের রাস্তা ছাপিয়ে বেগুসরাই-পটনা চার লেনের জাতীয় সড়কেও যান চলাচল কার্যত থমকে যায় বলে খবর।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। তবে জনসমুদ্র সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় আয়োজকদের। ভিড় ও বিশৃঙ্খলার কারণে ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল পিছিয়ে দিতে হয়। এমনকি দীর্ঘ যানজটে আটকে পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের কনভয়ও।

স্থানীয়ভাবে ‘ছোটে সরকার’ বা ‘দাদা’ নামে পরিচিত অনন্ত সিং মেয়ের বিয়ে উপলক্ষে বিশাল আয়োজন করেছিলেন। বিপুল জনসমাগমের আশঙ্কা করে চার লক্ষেরও বেশি মানুষের খাওয়াদাওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে একটি মাহিন্দ্রা থর গাড়ি ঘোষণা করা হয়েছিল। কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি চললেও সপ্তাহের শুরুতে অসময়ের বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটেছিল। শেষ পর্যন্ত বুধবার রাত ১০টা নাগাদ পশ্চিম পটনার দানাপুর থেকে বরযাত্রী নাদওয়ানে পৌঁছয়।

১০ কিলোমিটার জুড়ে যানজট

বিহার তাক-এর সাংবাদিক অনিকেত কুমারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার দুপুর থেকেই নাদওয়ানগামী রাস্তায় ১০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে যানজট তৈরি হয়। ওই সাংবাদিক নিজেও ভিড় ও যানজটে আটকে পড়েন। তাঁর দাবি, অনন্ত সিংয়ের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়।

অনিকেত কুমার জানান, ভিড়ের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার হাঁটার পর আর এগোনোর সাহস পাননি তিনি। তাঁর কথায়, কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং দাঁড়িয়ে থাকা জায়গা থেকে নড়াচড়া করাই কঠিন হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও পাটনা-বেগুসরাই জাতীয় সড়কে পৌঁছতে পারেননি বলে জানিয়েছেন তিনি।