ক্রিকেট অনুশীলনের জন্য বাড়ি ছাড়লেন আমির খান! কোন কিংবদন্তি ক্রিকেটারের চরিত্রে আসছেন অভিনেতা?

বলিউড অভিনেতা আমির খান আবারও ‘লগান’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে একটি স্পোর্টস ড্রামা ছবিতে কাজ করছেন। ছবিটির নাম ‘লালকারা’। দীর্ঘদিন ধরেই এই ছবিকে ঘিরে দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। ছবিটির প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যেই জোরকদমে ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেছেন আমির এবং চরিত্রের প্রয়োজনে নিজের বাসস্থানও বদলেছেন।
মুম্বাইয়ের পালি হিল এলাকার বাসভবন ছেড়ে স্ত্রী গৌরী স্প্র্যাটের সঙ্গে দক্ষিণ মুম্বাইয়ের কোলাবার একটি বাড়িতে উঠে গেছেন আমির খান। মূলত ছবির একটি বড় অংশের শুটিং এবং অনুশীলনের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোলাবায় চলে আসায় শুটিং ও অনুশীলন স্থলে যাতায়াতের সময় অনেকটাই বাঁচবে, ফলে ছবিটির কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণের সুবিধার্থে তিনি দক্ষিণ মুম্বাইয়ের একটি ক্রিকেট গ্রাউন্ডের কাছাকাছি থাকতে চাইছেন।
কোন ক্রিকেটারের জীবনকাহিনী নিয়ে ‘লালকারা’?প্রবাদপ্রতিম ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘লালকারা’। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একাধিক মাইলফলক ও রেকর্ডের অধিকারী লালা অমরনাথ ১৯৩৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই ১১৮ রানের অনবদ্য শতক হাঁকিয়েছিলেন। ঐতিহাসিক সেই অধ্যায় ও তাঁর ক্রিকেট যাত্রাকে ঘিরেই এই ছবির কাহিনী আবর্তিত হচ্ছে।
‘লগান’-এর দীর্ঘ সময় পর আমির খান ও আশুতোষ গোয়ারিকরের এই পুনর্মিলনকে ঘিরে ইতিমধ্যেই বলিউড ও ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। চরিত্রের জন্য কঠোর অনুশীলন ও প্রস্তুতির পাশাপাশি আমিরের এই নতুন ঠিকানা পরিবর্তনের খবরও এখন অনুরাগীদের আলোচনার কেন্দ্রে।