দুই মাসের অন্তঃসত্ত্বা ১৯ বছরের মেয়ে! প্রেমের কথা জানতেই বাবা-মায়ের বিরুদ্ধে ভয়াবহ খুনের অভিযোগ

প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর জানার পর ১৯ বছরের তরুণীকে খুনের অভিযোগ উঠল তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলি এটিকে তথাকথিত ‘অনার কিলিং’ বলে উল্লেখ করায় ইরানে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত বাবা-মাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের দাবি, নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি। তিনি পশ্চিম ইরানের সানন্দাজ শহরের বাসিন্দা ছিলেন। এক যুবকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত সপ্তাহে পরিবারের কাছে বিষয়টি জানানোর পর থেকেই ঘরে অশান্তি শুরু হয় বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, গত ২১ নভেম্বর তরুণীর বাবা ভোরিয়া ফাত্তাহি এবং মা লেইলা ভেইসি প্রথমে আদালতে গিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর বাড়ি ফিরে তাঁকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ানো হয়। মারধরের পরেও তিনি জীবিত থাকায় শেষ পর্যন্ত বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে দাবি করা হয়েছে।
হেঙ্গাও মানবাধিকার সংগঠনের আরও দাবি, ঘটনার পর বাবা-মা হত্যার কথা স্বীকার করেছেন এবং পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। তবে সম্পূর্ণ তদন্ত এবং বিচারপ্রক্রিয়ায় অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ার বিষয়টি এখনও বাকি। মানবাধিকার সংগঠনগুলির মতে, ইরানে পারিবারিক হিংসা থেকে নারীদের সুরক্ষায় কার্যকর আইনের ঘাটতি রয়েছে এবং কথাকথিত অনার কিলিংয়ের ক্ষেত্রে আইনের ফাঁক ও লঘু শাস্তির সুযোগ অপরাধীদের সাহস জোগায়।
এই ঘটনার পাশাপাশি গত কয়েক দিনে ইরানে নারীদের বিরুদ্ধে হিংসার আরও কয়েকটি ঘটনা সামনে এসেছে। মানবাধিকার সংগঠনগুলির সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর ২৩ বছরের সাদাফ হাঘবিনকে তাঁর জন্মদিনের পার্টিতে প্রাক্তন প্রেমিক গুলি করে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া কেরমানশাহে একটি বহুতলের পাঁচতলা থেকে পড়ে ১৬ বছরের স্কুলছাত্রী সোগন্দ সায়াদির মৃত্যু হয়। মৃত্যুর আগে বাবার হাতে খুন হওয়ার আশঙ্কার কথা তিনি জানিয়েছিলেন বলে দাবি মানবাধিকার সংগঠনের।
অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পুলিশ এই ঘটনাকে পারিবারিক বিবাদ হিসেবে দেখছে। তবে পুরো বিষয়টি ঠিক কী কারণে ঘটেছে, তা তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই স্পষ্ট হবে।