ভোটার তালিকা সংশোধনে বড় জট! পশ্চিমবঙ্গে কবে শুরু হবে এসএসআর প্রক্রিয়া?

পশ্চিমবঙ্গে স্পেশ্যাল সামারি রিভিশন (এসএসআর) প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে ঘনীভূত হয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর, ২৩ নভেম্বর থেকে এই কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত খসড়া ভোটার তালিকা তৈরির নির্দিষ্ট ফরম্যাট হাতে পায়নি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর।

জাতীয় নির্বাচন কমিশনের তরফে সফটওয়্যারের মাধ্যমে তৈরি ওই নির্দিষ্ট ফরম্যাট না পাঠানোয় গোটা প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে বলেই সূত্রের খবর। সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, কমিশনের নির্ধারিত ফরম্যাটের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব। তাই সেই ফরম্যাট হাতে না আসা পর্যন্ত তালিকা তৈরির কাজ শুরু করা যাচ্ছে না।

বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকা সংক্রান্ত ‘অ্যাডজুডিকেশন’, ‘ডিলিটেশন’ এবং ‘ট্রাইবুনাল’-এর বিষয়গুলি কীভাবে কার্যকর হবে, তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, প্রচলিত নিয়মে এই বিষয়গুলির নিষ্পত্তির জন্য নির্দিষ্ট কোনও পদ্ধতি বা নির্দেশিকা উল্লেখ নেই। ফলে কোন প্রক্রিয়ায় এগুলির সমাধান করে খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে, তা স্পষ্ট করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকেই।

এই পরিস্থিতিতে রাজ্যে কবে থেকে এসএসআর প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা ও নির্দিষ্ট ফরম্যাট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করতে পারবে সিইও দফতর। ফলে আপাতত কমিশনের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসএসআর প্রক্রিয়া বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের মতো নয়। এসএসআর প্রতি বছরই পরিচালিত হয় এবং সাধারণত বছরের শুরুতে জানুয়ারি মাসে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তবে সাম্প্রতিক সময়ে এসআইআর ও ভোটার তালিকায় রদবদলের প্রেক্ষাপটে এ বছরের এসএসআর প্রক্রিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।