কনফার্ম টিকিট থাকলেও নেই নিজের আসন! রাতের ট্রেনে বিপাকে যাত্রী, কী বলছে রেল?

ট্রেনের টিকিট কনফার্ম ছিল, কামরার নম্বরও স্পষ্ট লেখা ছিল। কিন্তু নির্দিষ্ট কামরায় উঠে নিজের বার্থ খুঁজতে গিয়ে রীতিমতো অবাক হয়ে গেলেন এক যাত্রী। টিকিটে তাঁর আসন নম্বর ৫৪ থাকলেও ওই কামরায় রয়েছে মাত্র ৫২টি বার্থ। এমনই অদ্ভুত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ঈশান বাজপেয়ী নামে এক যাত্রী। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

টিকিটে A1/54, কিন্তু কামরায় বার্থ ৫২টি
বারাণসী সিটি থেকে গোরক্ষপুরগামী ১৫১৩২ নম্বর ট্রেনে সফর করছিলেন ঈশান বাজপেয়ী। তাঁর টিকিটে A1 কামরার ৫৪ নম্বর সাইড আপার বার্থ (SU) কনফার্ম দেখানো হয়েছিল। কিন্তু ট্রেনে উঠে A1 কামরায় নিজের জায়গা খুঁজতে গিয়ে তিনি দেখেন, সেখানে মোট বার্থের সংখ্যা ৫২টি। তাঁর দাবি, টিকিটে উল্লেখ থাকা ৫৪ নম্বর বার্থটি কামরার কোথাও নেই।

রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ এই সমস্যায় পড়েন বলে জানিয়েছেন ঈশান। রাতের যাত্রায় কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও নিজের নির্দিষ্ট বার্থ খুঁজে না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হন তিনি। ঘটনার একটি ভিডিও এবং টিকিটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই যাত্রী। পাশাপাশি রেলওয়ে হেল্পলাইন ১৩৯ নম্বরেও অভিযোগ জানান তিনি।

অভিযোগ পেয়ে কী জানাল রেল?
ঈশানের পোস্টে রেলওয়ে সেবা এবং রেল মন্ত্রককে ট্যাগ করা হয়েছিল। এর জবাবে রেলওয়ে সেবা জানায়, প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। যাত্রীর অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে তাঁর সঙ্গে যোগাযোগের স্বার্থে ব্যক্তিগতভাবে মোবাইল নম্বর পাঠানোর অনুরোধও করে তারা।

এ ছাড়া রেলওয়ে সেবা জানিয়েছে, যাত্রী চাইলে রেল মদদ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন অথবা ১৩৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। পরবর্তী প্রতিবেদনে জানা গেছে, বিষয়টি বারাণসীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছেও পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শুরু কটাক্ষ ও আলোচনা
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ও কটাক্ষ শুরু হয়। মাত্র ৫২টি বার্থ থাকা কামরায় কীভাবে ৫৪ নম্বর আসন বরাদ্দ হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আবার কেউ রসিকতা করে জানতে চেয়েছেন, যাত্রী টয়লেটের ভেতরে বা অন্য কোথাও ৫৪ নম্বর বার্থ খুঁজে দেখেছেন কি না।

এই বিভ্রাটের আসল কারণ এখনও প্রকাশ্যে আসেনি। টিকিট বরাদ্দ ব্যবস্থায় কোনো কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে রেল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।