“১৬ ডিসেম্বরেই বাংলাদেশ দখল?”-হুঁশিয়ারি অর্জুন সিংয়ের! পদ্মাপার নিয়ে তপ্ত বঙ্গের রাজনীতি?

শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। পদ্মাপারের একাধিক এলাকায় হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং আওয়ামী লিগের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে ওপার বাংলার অশান্তি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাপ্রকাশের পর হিংসা আরও ছড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। যেভাবে সেখানে হিন্দু নিধন করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনও সন্দেহ নেই।”
যদিও পরিবহনমন্ত্রীর এই কড়া মন্তব্যের বিপরীতে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি মুখ খুলতে চাননি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানান, সীমান্ত বর্তমানে কঠোরভাবে সুরক্ষিত রয়েছে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের অন্তত ২ কোটি মানুষের আত্মীয়স্বজন এখনও বাংলাদেশে বসবাস করেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, মেঘালয়-সহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষের আত্মীয়ও ওপারে রয়েছেন। ফলে সেখানের ঘটনায় এ রাজ্যের মানুষের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। তবে সরাসরি কোনও মন্তব্য না করে বিষয়টি বিদেশ মন্ত্রকের নজরে আনার চেষ্টার কথা জানান মুখ্যমন্ত্রী। শেখ হাসিনা প্রসঙ্গেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।
তবে বেআইনি অনুপ্রবেশের ক্ষেত্রে যে কোনও ছাড় দেওয়া হবে না, তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বেআইনিভাবে যাঁরা প্রবেশ করছেন, তাঁদের জেলে না পাঠিয়ে সরাসরি ফেরত পাঠানো হচ্ছে এবং সে জন্য হোল্ডিং স্টেশনও তৈরি করা হয়েছে। বৈধ নথিহীন বা ভিসার মেয়াদ উত্তীর্ণ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, মানবিক দিকটিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলাদেশ থেকে চিকিৎসার ভিসা নিয়ে যাঁরা ভারতে আসবেন, মানবিকতার খাতিরে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
সব মিলিয়ে বাংলাদেশের অস্থিরতা এবং ১৬ ডিসেম্বরের দিনক্ষণ ঘিরে ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে।