মমতা তৃণমূল ছেড়ে NCPI-তে ঝাঁকে ঝাঁকে জনপ্রতিনিধি, বদলে যাচ্ছে গ্রামের সমীকরণ?

আট মাস আগেও বাংলার সাধারণ মানুষের কাছে প্রায় অপরিচিত ছিল ন্যাশেনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বা NCPI। কিন্তু অল্প সময়ের মধ্যেই গ্রামীণ বাংলার রাজনীতিতে বড়সড় চমক তৈরি করেছে NDA-র এই শরিক দল। উত্তরবঙ্গের ইসলামপুর ও গোয়ালপোখর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সন্দেশখালি, মিনাখাঁ ও বসিরহাট—একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির রাশ নিজেদের হাতে নিচ্ছে তারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ছেড়ে দলে দলে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই যোগদানে গ্রামে গ্রামে ক্ষমতার সমীকরণ নতুন করে তৈরি হচ্ছে।

এই লাগাতার দলবদলের ঘটনায় বিজেপির রাজনৈতিক কৌশল নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, NCPI কি বাংলায় নিজেদের স্বাধীন জমি তৈরি করছে, নাকি তৃণমূলের ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ নেতাদের সরাসরি বিজেপিতে না ঢুকিয়ে একধরনের মধ্যবর্তী মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে?

NCPI-র মুখপাত্র অনুরাগ সিং অবশ্য জানিয়েছেন, রাজ্যজুড়ে তাঁদের দলের সাংগঠনিক শক্তি ক্রমশ বাড়ছে এবং আগামী দিনে আরও অনেক স্থানীয় সংস্থায় বোর্ড গড়বে দল। তাঁর কথায়, বাংলার একাধিক জায়গায় ইতিমধ্যেই পঞ্চায়েত-সহ বিভিন্ন সংস্থায় বোর্ড গঠন করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়বে।

গ্রামীণ স্তরে দলবদলের ছবিটা সবথেকে স্পষ্ট বসিরহাট লোকসভা কেন্দ্রে। NCPI-র দাবি, এই এলাকায় তৃণমূলের হাত থেকে ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ তারা ছিনিয়ে নিয়েছে। মিনাখাঁয় ২৩ সদস্যের পঞ্চায়েত সমিতির মধ্যে সহ-সভাপতি-সহ ১৩ জন সদস্য NCPI-তে যোগ দিয়েছেন। দলের দাবি, সভাপতি সাইফুদ্দিন মোল্লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসার পর তাঁর পদত্যাগেই নিয়ন্ত্রণ বদলের পথ খুলে যায়। কুলটি গ্রাম পঞ্চায়েতের ২০ জন সদস্যের মধ্যে উপপ্রধান-সহ ১৩ জন দলবদলে শামিল হয়েছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকে রাজনৈতিক সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা সন্দেশখালিতেও বড়সড় রদবদল চোখে পড়েছে। গত রবিবার সন্দেশখালি-২ পঞ্চায়েত সমিতির ২৪ জন সদস্যের মধ্যে ১৭ জন NCPI-তে যোগ দেন। সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট-২ গ্রাম পঞ্চায়েতের ২৬ জন সদস্যের মধ্যে ১৯ জনও দল ছেড়েছেন। পাশাপাশি সন্দেশখালি-২ ব্লকের আরও চারটি গ্রাম পঞ্চায়েতে দলবদল হয়েছে—সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ১৭ জনের মধ্যে ১১ জন, বেরমজুরের ১২ জনের মধ্যে ১০ জন, দুর্গামণ্ডপের ২২ জনের মধ্যে ১৪ জন এবং করাকাটির ২১ জন সদস্যের মধ্যে ১৫ জন NCPI-তে যোগ দিয়েছেন।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রভাব বিস্তার করছে NCPI। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ১৬ জন সদস্য দলটিতে যোগ দিয়েছেন। এর আগে ওই পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের মধ্যে ২৬টিই ছিল তৃণমূলের দখলে। পাশাপাশি কংগ্রেসের এক সদস্যও NCPI-তে যোগ দেওয়ায় পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ বদলে গেছে।

পরিস্থিতি নিয়ে পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল। তাদের অভিযোগ, দল ভাঙতে একাধিক সংগঠনকে কাজে লাগাচ্ছে বিজেপি এবং পরিকল্পিতভাবে তৃণমূলের গ্রামীণ ভিত দুর্বল করার চেষ্টা চলছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের দাবি, বিজেপি ‘বি-টিম’ ও ‘সি-টিম’ নামাচ্ছে এবং দিল্লির ২০ জন হোক বা এখানকার দলবদলকারীরা—সবাই বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। একই সুর শোনা গেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর গলায়ও। তাঁর অভিযোগ, বাংলায় বিজেপির বিস্তার ঘটানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই NCPI-র উত্থান। অতীতে একসময় আরএসএসের সমর্থনে বিজেপির স্বার্থে কাজ করার লক্ষ্যেই তৃণমূল তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, দলে অবাঞ্ছিত ব্যক্তিদের জায়গা দিতে তাঁরা চান না, তবে বৃহত্তর স্বার্থে কিছু আপস করতে হয়। কারা NCPI-তে যাবেন বা কোথায় যোগ দেবেন, তা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় কংগ্রেস ও বাম দল থেকে নেতা-কর্মীদের টেনে এনে সাংগঠনিক শক্তি বাড়িয়েছিল তৃণমূল। আজ সেই একই ধরনের দলবদলের চাপের মুখে পড়েছে তারা, যার সুবিধা পাচ্ছে NCPI। তবে স্থানীয় স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের যোগদানে খাতায়-কলমে শক্তি বাড়লেও, আগামী নির্বাচনে স্বাধীনভাবে NCPI কতটা জনমত টানতে পারবে—সেই প্রশ্ন এখনও রয়ে গেছে।