১৯৭৭-এর পর কেমন কেটেছিল রাহুল-প্রিয়ঙ্কার শৈশব? জন্মদিনের সেই অভিজ্ঞতা!

ইন্দিরা গান্ধী নির্বাচনে পরাজিত হওয়ার পর বদলে যায় গান্ধী পরিবারের পরিস্থিতি। সম্প্রতি মায়ের সঙ্গে আড্ডায় নিজের শৈশব ও জন্মদিনের স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেন রাহুল গান্ধী। কয়েক ঘণ্টা আগে সেই ভিডিও পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। সনিয়া গান্ধীর বইয়ে না বলা এমন অনেক কথা বিস্তারিতভাবে উঠে আসে সেখান থেকে, আর আলোচনার মাঝে কখনও কখনও আবেগপ্রবণও হয়ে পড়েন রাহুল ও প্রিয়ঙ্কা।
ইমার্জেন্সির পর ১৯৭৭ সালে লোকসভা নির্বাচনে হেরে যান ইন্দিরা গান্ধী। বদলে যায় গান্ধী পরিবারের চারপাশের পরিবেশ, তৈরি হয় এক থমথমে পরিস্থিতি। রাহুল জানান, তখন তাঁর বয়স ছিল ছয় বছর। স্কুলে কেউ তাঁর পাশে বসতে চাইত না, একটি বেঞ্চে একা বসতেন এবং কোনও বন্ধু কথা বলত না। সেই পরিস্থিতিতে বোন প্রিয়ঙ্কার বুদ্ধিতে বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার অভিজ্ঞতা ছিল আরও কঠিন।
রাহুলের সাত বছরের জন্মদিনে হাতেগোনা ৩২ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাহুল জানান, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ আসেনি। প্রথমে তাঁরা ভেবেছিলেন হয়তো দেরি হচ্ছে, কিন্তু রাত পেরিয়ে গেলেও কোনও শিশুকে আসতে দেওয়া হয়নি। শুধুমাত্র একজন বন্ধু কোনও পরোয়া না করেই এসেছিলেন, এবং তাঁর সঙ্গে এখনও যোগাযোগ রেখেছেন রাহুল।
সেই সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রিয়ঙ্কা গান্ধীও। ইন্দিরা হেরে যাওয়ার পর স্কুলে তাঁকেও নানা কটাক্ষ ও টিটকিরি শুনতে হয়। প্রিয়ঙ্কা জানান, একদিন স্কুলে গিয়ে দেখেন একটি ছেলে এসে বলছে, তাঁর কাকা জেলে আছেন এবং চোর। এর জবাবে তিনি সপাটে থাপ্পর মারেন, যা নিয়ে স্কুলে বেশ শোরগোল পড়ে যায়।
কংগ্রেস ক্ষমতা হারানোর পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও বড় পরিবর্তন আসে এবং বিরোধী দলগুলির প্রসঙ্গ ওঠে। নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ও উঠে আসে সনিয়া ও রাহুলের কথাবার্তায়। ভিডিওতে রাহুলকে বলতে শোনা যায়, তাঁর বাবা রাজীব গান্ধীর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তাঁকে হত্যার উদ্দেশ্যেই, এবং শেষ পর্যন্ত সেটাই ঘটে।
আলোচনায় উঠে আসে ২০০৪ সালে সনিয়ার প্রধানমন্ত্রী না হওয়ার প্রসঙ্গও। একটি বৈঠকের কথা মনে করে রাহুল জানান, তাঁর মা প্রধানমন্ত্রী হবেন—এটা যেমন আনন্দের ছিল, তেমনই ছিল চাপের। পরে দলের জন্য কাজ করতে চেয়ে পদ থেকে সরে আসেন সনিয়া। সনিয়া জানান, তিনি ক্ষমতায় থাকতে চাননি, বরং দলের জন্য কাজ করতে চেয়েছিলেন। রাহুল বলেন, তাঁর মাকে বারবার অপমানজনকভাবে হেনস্থা করা হয়েছে। প্রিয়ঙ্কা প্রশ্ন তোলেন, মায়ের দোষ কী, যিনি ভেতরে-বাইরে একই রকম এবং দেশের জন্য নিজের সবটুকু দিয়েছেন।
৫৪৪ পাতার বইয়ে এমন অনেক কথা না বলা রয়ে গেছে বলে জানান তাঁরা। সেইসব না বলা ঘটনা ও ছোট ছোট বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন সনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে রাহুল লেখেন, যেমন কোনও পরিকল্পনা করে বাবা বিয়ের প্রস্তাব দেননি, তেমনই পরিকল্পিত ছিল না তাঁর সাত বছরের জন্মদিন। ২০০৪ সালের সেই সিদ্ধান্তে কেউ স্বস্তি পেয়েছিলেন, কেউ আনন্দিত হয়েছিলেন, আর বাবার নিরাপত্তা তুলে নেওয়ার পেছনেও একটি উদ্দেশ্য ছিল। পাঁচশো বেশি পাতার বইয়ের বাইরেও মায়ের অনেক না বলা কথা নিয়ে কথা বলেছেন তিনি ও প্রিয়ঙ্কা, যেখানে মিশে আছে আনন্দ, হাসি ও যন্ত্রণা। মায়ের যাত্রাপথ অপরিসীম ভালোবাসা ও ট্র্যাজেডিতে ভরা, যা তিনি মর্যাদা ও সাহসের সঙ্গে সামলেছেন।