মুক্তির এক সপ্তাহেই হল থেকে সরানোর চাপ? মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ‘সাধক বামাক্ষ্যাপা’!

মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে ছবি সরিয়ে দেওয়ার জন্য তীব্র চাপ সৃষ্টির চাঞ্চল্যকর অভিযোগ তুলল বাংলা চলচ্চিত্র ‘সাধক বামাক্ষ্যাপা’-র নির্মাতা ও কলাকুশলীরা। ভালো দর্শক সাড়া ও ব্যবসা থাকা সত্ত্বেও একতরফাভাবে শো কমিয়ে দেওয়া এবং হল থেকে ছবি নামিয়ে নেওয়ার এই প্রবণতার বিরুদ্ধে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘টিম সাধক বামাক্ষ্যাপা’।
ছবির পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রীদের অভিযোগ, বড় বাজেটের ভিনভাষী ও বহিরাগত ছবিগুলিকে জায়গা করে দিতে গিয়ে বাংলার নিজস্ব ঐতিহ্য ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটিকে বঞ্চিত করা হচ্ছে। বাংলায় তৈরি হয়েও নিজের মাটিতেই বাংলা সিনেমার এই কোণঠাসা অবস্থা মানতে নারাজ গোটা ইউনিট। হল মালিক ও পরিবেশকদের একাংশের এই অন্যায্য সিদ্ধান্তের ফলে সাধারণ দর্শকও ছবিটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তাঁদের দাবি।
এই পরিস্থিতিতে রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে বাংলা সিনেমার জন্য ন্যায্য সময়, উপযুক্ত শো এবং সমান অধিকার সুনিশ্চিত করার দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছেন নির্মাতারা। টলিউডের অন্দরে দীর্ঘদিন ধরে চলতে থাকা হল বণ্টন বৈষম্য এবং বাংলা ছবির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ‘টিম সাধক বামাক্ষ্যাপা’-র এই পদক্ষেপ নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।