জমি জট মেটানো থেকে গুরু নানক ভবন, শিখ সম্প্রদায়কে কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডানকুনির গুরুদ্বারে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, ডানকুনির গুরুদ্বারে একটি কমিউনিটি সেন্টার এবং গুরু নানক ভবন তৈরি করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতাও আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
গুরুদ্বারের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পরিবহনমন্ত্রী থাকার সময় থেকে এদের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আপনারা সুযোগ দিয়েছেন আমি বার বার এসেছি।” বক্তব্যে শিখ সম্প্রদায়ের মানুষদের নিজের ‘আত্মীয়’ বলেও সম্বোধন করেন শুভেন্দু অধিকারী।
গুরুদ্বার কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান, “এখানে কমিউনিটি হল তৈরি করা হবে। আপনাদের উন্নতিতে কাজ হবে। খুব গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র এটা। ন্যাশনাল হাইওয়ে নিয়ে একটা সমস্যা আছে, সেটা কথা হলে মিটিয়ে নেওয়া হবে।” এর পাশাপাশি আগামী গঙ্গাসাগর মেলাতেও শিখ সম্প্রদায়কে লঙ্গরখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি। মেলা প্রাঙ্গণে তাঁদের জন্য আলাদা ক্যাম্পের ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
গুরু নানকের নামে ভবন নির্মাণের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, “গুরু নানকজির নামে তৈরি করা হবে ভবন। তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?”
সংখ্যালঘু ইস্যুতেও এদিন পূর্বতন সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আগের সরকার একটা সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু আমাদের সরকার সকলকে সমমর্যাদা দেয়। শিখ-জৈন সকলেই সংখ্যালঘু, তাদের উন্নতিতে কাজ হবে।”