২২ লক্ষ শুনানি বাকি! কলকাতা ও হাওড়া পুরভোটের আগে ট্রাইব্যুনাল বাড়াতে সুপ্রিম নির্দেশ

আসন্ন কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) সংক্রান্ত আপিলগুলি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছে, প্রয়োজনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে আরও বেশি সংখ্যক বিচারপতি নিয়োগ করতে হবে এবং ট্রাইব্যুনাল বেঞ্চের সংখ্যা বাড়াতে হবে।

প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট করেছে, ট্রাইব্যুনাল বেঞ্চ বাড়ালে সে অনুযায়ী অতিরিক্ত বিচারপতির প্রয়োজন হবে এবং সে বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নিতে হবে।

শুনানিতে কী নির্দেশ ও পরিসংখ্যান?

যেহেতু কলকাতা ও হাওড়ায় পুরনির্বাচন সামনে রয়েছে, তাই সেখানকার আবেদনকারীদের নাম সংক্রান্ত আপিলগুলির দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে বলেছে সুপ্রিম কোর্ট। শুনানিতে জানানো হয়, ট্রাইব্যুনালে মোট ৩৮ লক্ষ আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ২২ লক্ষ আবেদন এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত। এর মধ্যে মাত্র ১ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে এবং নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ৯৩ শতাংশ ক্ষেত্রেই ইতিবাচক সিদ্ধান্ত এসেছে—অর্থাৎ সংশ্লিষ্ট ভোটারদের নাম পুনরায় তালিকায় যুক্ত হয়েছে বলে আবেদনকারীদের তরফে দাবি করা হয়। এই ধরনের আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির ওপর জোর দিয়েছে শীর্ষ আদালত।

অন্যদিকে, তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে জমা পড়া বাকি আবেদনগুলির শুনানি পরে করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত নিষ্পত্তির স্বার্থে কলকাতা-সহ অন্যান্য শহরের বিকল্প জায়গায় আপিলেট ট্রাইব্যুনাল গঠনের কথাও বলেছে আদালত। এ ছাড়া এসআইআর তালিকায় নাম না থাকায় যাঁরা বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের দ্রুত প্রতিকারের জন্য উপযুক্ত আদালতে—অর্থাৎ হাইকোর্টে—মামলা করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

শুনানিতে আবেদনকারীদের দুই পক্ষের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ ও গোপাল শঙ্করনারায়ণন। প্রধান বিচারপতির বেঞ্চের সামনে পরিসংখ্যান তুলে ধরে প্রশান্ত ভূষণ জানান, এ পর্যন্ত যেটুকু শুনানি হয়েছে, তার মধ্যে ৯৩ শতাংশ ক্ষেত্রেই ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে সিদ্ধান্ত এসেছে।