নেপালে আইআইটি-র অফশোর ক্যাম্পাস খুলছে ভারত! বালেনের সফরে বড় ঘোষণা মোদীর

নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের ভারত সফরের মাঝে শিক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, নেপালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র একটি অফশোর ক্যাম্পাস স্থাপন করবে ভারত।

এই উদ্যোগ ভারত ও নেপালের মধ্যে চলমান ‘যৌথ ভিশন ডকুমেন্ট’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য সম্মিলিতভাবে ‘উন্নত ভারত’ এবং ‘সমৃদ্ধ নেপাল’-এর অভীষ্ট লক্ষ্য অর্জন করা।

স্টার্টআপ ইনকিউবেটর ও ইনোভেশন হাব

সোমবার প্রধানমন্ত্রী মোদী জানান, নেপালে একটি স্টার্টআপ ইনকিউবেটর এবং একটি ইনোভেশন হাব গড়ে তোলা হবে। এর মূল উদ্দেশ্য নেপালি তরুণদের ক্ষমতায়ন এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও কারিগরি সহযোগিতাকে আরও দৃঢ় করা। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের নতুন ধারণাকে ব্যবসায় রূপান্তরিত করতে, প্রয়োজনীয় তহবিল জোগাড় করতে এবং স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরিতে সরাসরি সহায়তা পাবেন।

নেপালি পড়ুয়াদের জন্য বৃত্তির ঘোষণা

নেপালে আইআইটি ক্যাম্পাস স্থাপনের পাশাপাশি নেপালি শিক্ষার্থীদের ভারতে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে বৃত্তির পরিধি বাড়ানোর কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, “আমরা নেপালের শিক্ষার্থীদের জন্য ভারতে আইন ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে বৃত্তির সুযোগ আরও প্রসারিত করব।”

বন্যা পরবর্তী উন্নয়ন ও আর্থিক সহায়তা