কম বা বেশি প্রোটিন খাচ্ছেন না তো? বয়স অনুযায়ী আপনার চাহিদা কত জেনে নিন

শরীরের কোষ গঠন, পেশির যত্ন, হরমোন তৈরি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সচল রাখতে প্রোটিন অপরিহার্য পুষ্টি উপাদান। কিন্তু বয়স, ওজন, শারীরিক পরিশ্রম এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করে প্রতিদিন কতটা প্রোটিন প্রয়োজন, তা বদলে যায়। পুষ্টি বিশেষজ্ঞদের মতে, অনেকেই দৈনন্দিন খাবারে প্রোটিনের সঠিক পরিমাণের হিসেব রাখেন না, যার ফলে ঘাটতি বা বাড়াবাড়ি দেখা দিতে পারে।
শিশু ও কিশোর-কিশোরীদের দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে বলে প্রতি কেজি শরীরের ওজনের তুলনায় তাদের প্রোটিনের চাহিদা বেশি থাকে। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের (আইসিএমআর-এনআইএন) নির্দেশিকা অনুযায়ী, ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের দৈনিক প্রায় ১২ থেকে ১৩ গ্রাম, ৪ থেকে ৬ বছর বয়সী শিশুদের প্রায় ১৬ গ্রাম এবং ৭ থেকে ৯ বছর বয়সী শিশুদের প্রায় ২৩ গ্রাম প্রোটিন প্রয়োজন হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই চাহিদাও বাড়ে; ১০ থেকে ১২ বছর বয়সে ছেলেদের প্রায় ৩২ গ্রাম ও মেয়েদের প্রায় ৩৩ গ্রাম, ১৩ থেকে ১৫ বছর বয়সে ছেলেদের প্রায় ৪৫ গ্রাম ও মেয়েদের প্রায় ৪৩ গ্রাম এবং ১৬ থেকে ১৭ বছর বয়সে ছেলেদের প্রায় ৫২ গ্রাম ও মেয়েদের প্রায় ৪৬ গ্রাম প্রোটিন দৈনিক লক্ষ্য হিসেবে ধরা হয়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আইসিএমআর-এনআইএন আদর্শ শরীরের ওজন অনুযায়ী প্রতি কেজিতে প্রতিদিন প্রায় ০.৮৩ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেয়। উদাহরণস্বরূপ, ৬৫ কেজি ওজনের একজন কর্মহীন বা সাধারণ জীবনযাত্রার পুরুষের দৈনিক প্রায় ৫৪ গ্রাম এবং ৫৫ কেজি ওজনের একজন নারীর প্রায় ৪৬ গ্রাম প্রোটিন প্রয়োজন। তবে যারা নিয়মিত শরীরচর্চা করেন বা কায়িক পরিশ্রম বেশি করেন, তাদের চাহিদা তুলনামূলকভাবে বেশি হতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন হয়, যা গর্ভাবস্থার পর্যায় ও স্তন্যদানের সময়ের ওপর নির্ভর করে।
বয়স্কদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে পেশির ক্ষয় রোধ করতে পর্যাপ্ত ও মানসম্মত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ডাল, ছোলা, সয়াবিন, দুধ, দই, ডিম, মাছ বা মাংসের মতো খাবার সারাদিনের খাবারে ভাগ করে খেলে শরীর তা ভালোভাবে গ্রহণ করতে পারে। কিডনির সমস্যা বা বিশেষ শারীরিক অবস্থা থাকলে প্রোটিনের মাত্রা নির্ধারণে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।