২৮ নভেম্বরের এসআই পরীক্ষা স্থগিতের দাবি! নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মেহবুবা

জম্মু ও কাশ্মীরে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি সরকার ও জম্মু-কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড বা জেডকেএসএসবি-র বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা এফএএ পরীক্ষায় কথিত গরমিলের স্বাধীন তদন্তের দাবি জানানোর পাশাপাশি আগামী ২৮ নভেম্বর নির্ধারিত সাব-ইন্সপেক্টর বা এসআই নিয়োগ পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়েছেন।

সোমবার শ্রীনগরে দলীয় সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে মেহবুবা মুফতি জম্মু-কাশ্মীরের যুবসমাজকে নিশানা করার অভিযোগ তোলেন। তাঁর কথায়, সরকার ক্ষমতায় থাকলে সাধারণত যুবসমাজের ওপর নজর থাকে, কিন্তু জম্মু-কাশ্মীরে যুবসমাজকেই টার্গেট করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি।

এফএএ পরীক্ষার প্রসঙ্গ টেনে মেহবুবা বলেন, এসএসবি ওই পরীক্ষা নিলেও পুলিশ জানাচ্ছে এ বিষয়ে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই; তবে প্রশ্ন হলো, একই বোর্ড এত কম সময়ের মধ্যে সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া কীভাবে গুটিয়ে আনল। জম্মু-কাশ্মীরের তরুণদের সঙ্গে কী ঘটছে, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

সংরক্ষণ ও নিয়োগ পরবর্তী ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়েও সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সংরক্ষণ বিতর্কে ওপেন মেরিট বা ওএম শ্রেণির প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে; অন্যদিকে নিয়োগ পাওয়ার পরেও বহু প্রার্থীর ভেরিফিকেশন দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এক প্রার্থীর উদাহরণ দিয়ে তিনি জানান, ২০২৩ সালে নিয়োগ হলেও তাঁর ভেরিফিকেশন এখনও অসম্পূর্ণ এবং প্রার্থী ও তাঁদের আত্মীয়দের বিভিন্ন থানায় ডেকে পাঠানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী উমর আবদুল্লার নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন মেহবুবা। আগে এসএসবি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেও এখন কেন তিনি নীরব, তা জানতে চান পিডিপি প্রধান। উপ-রাজ্যপালের এক্তিয়ারের যুক্তি খণ্ডন করে মেহবুবা বলেন, সাম্প্রতিক সময়ে বদলির মতো ইস্যুতে উপ-রাজ্যপালের সঙ্গে দেখা করা গেলে এই বিষয়ে কেন বৈঠক করা হচ্ছে না। এফএএ পরীক্ষার কথিত অনিয়মের স্বাধীন তদন্ত ও ২৮ নভেম্বরের এসআই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে অনড় থেকে তিনি সতর্ক করেন, এমন কেলেঙ্কারি জম্মু-কাশ্মীরের যুবসমাজকে শেষ করে দেবে।