উৎসবের ভারী মেকআপেও ত্বকের জেল্লা অটুট রাখবেন কীভাবে? জেনে নিন সহজ কৌশল

উৎসবের মরশুমে নিয়মিত ভারী মেকআপ, একের পর এক পার্টি এবং রাত জাগার অভ্যাস আনন্দদায়ক হলেও ত্বকের ওপর এর চাপ পড়ে। টানা ব্যস্ততা ও মেকআপের কারণে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, ব্রণ দেখা দিতে পারে এবং স্বাভাবিক উজ্জ্বলতা কমে যেতে পারে। সামান্য দৈনন্দিন যত্নেই ভারী মেকআপের মাঝেও ত্বকের জেল্লা ধরে রাখা সম্ভব।

ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচাতে পর্যাপ্ত জল পান করা, গভীর ঘুম এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলা জরুরি। পার্টির কারণে ঘুমের ঘাটতি হলে সারাদিন জল খেয়ে ত্বক আর্দ্র রাখুন এবং বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করুন; দীর্ঘক্ষণ বাইরে থাকলে দিনে ৩ থেকে ৪ বার সানস্ক্রিন লাগানো উপকারী। উৎসবের সময় হুট করে নতুন স্কিনকেয়ার পণ্য ব্যবহার না করাই ভালো, কারণ এতে ত্বকে ব্রণ বা প্রতিক্রিয়া দেখা দিতে পারে; বরং ত্বকের সঙ্গে মানানসই পরিচিত পণ্যই ব্যবহার করুন।

রাতে ঘুমানোর আগে মেকআপ তোলা সবচেয়ে জরুরি। ক্লান্তিতে মেকআপ না তুলে ঘুমালে মেকআপ, ঘাম ও তেল রোমকূপে জমে ব্রণের ঝুঁকি বাড়ায়। তাই রাতে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান। পাশাপাশি ভারী মেকআপের আগে প্রাইমার ব্যবহার করুন, প্রতি ২ থেকে ৩ দিনে মেকআপের সরঞ্জাম পরিষ্কার রাখুন, বাড়তি তেল বা ঘামে বারবার পাউডার না লাগিয়ে ব্লটিং পেপার ব্যবহার করুন এবং ঠোঁট ফাটা রুখতে মেকআপ ও ঘুমানোর আগে লিপ বাম বা নারকেল তেল লাগান।