দফতরগুলোর ঢিলেমি শেষ? মন্ত্রিসভার বৈঠকের ৩ দিন আগেই ফাইল জমা বাধ্যতামূলক করল নবান্ন!

প্রশাসনিক কাজে গতি আনতে এবং ফাইল আটকে থাকার দীর্ঘদিনের সমস্যা দূর করতে কড়া নিয়ম আনল নবান্ন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের আগে দফতরগুলির ঢিলেমি আর বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

গত ১১ নভেম্বর ৩৫৭-সিএস/২০২৬ নম্বর নির্দেশিকায় তিনি জানিয়েছেন, এবার থেকে মন্ত্রিসভার সব প্রস্তাবই নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত করে ফাইল জমা দিতে হবে। কোনও দফতরের গাফিলতি বা দেরির কারণে যাতে ক্যাবিনেটের কাজ থমকে না যায়, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন দফতরে ফাইল ঘুরতে ঘুরতে অনেক সময় প্রস্তাবের ফাইল সময়মতো তৈরি করা যায় না। সেই সমস্যা মেটাতেই ২৩ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকের জন্য প্রস্তাবিত সব ফাইল ১৮ নভেম্বরের মধ্যে মুখ্যসচিবের কাছে পাঠাতে বলা হয়। ওই তারিখের আগেই সংশ্লিষ্ট দফতরের মতামত, সম্মতি এবং প্রয়োজনীয় ভেটিং-সহ সব কাজ সেরে ফাইল সম্পূর্ণ করতে বলা হয়েছিল।

যেসব দফতরকে মতামত দেওয়ার জন্য ডাকা হবে, তাদের এই ফাইলগুলি সবার আগে অগ্রাধিকার দিয়ে দ্রুত মিটিয়ে ফেলতে হবে। বেঁধে দেওয়া সময়সীমা কোনওভাবেই যাতে পার না হয়ে যায়, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

এই পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্ব সরাসরি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নোডাল দফতরের শীর্ষ কর্তাদের উপর। নির্দেশ অনুযায়ী, নোডাল দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব বা সচিবকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে অন্য দফতরের সঙ্গে সমন্বয় রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যাতে ফাইল চূড়ান্ত হয়ে জমা পড়ে, তা নিশ্চিত করার দায়িত্ব তাঁদেরই।

শুধু ২৩ নভেম্বরের নয়, সামনের সব মন্ত্রিসভার বৈঠকের জন্যই স্থায়ী নিয়ম চালু হয়েছে। নতুন নির্দেশে বলা হয়েছে, এরপর থেকে রাজ্য মন্ত্রিসভার প্রতিটি বৈঠকের অন্তত তিন কার্যদিবস আগে সব দিক থেকে সম্পূর্ণ ফাইল জমা দিতে হবে। ফাইলগুলি মুখ্যসচিবের পাশাপাশি রাজ্যের ক্যাবিনেট সচিবের কাছেও পাঠাতে হবে। এর ফলে অসম্পূর্ণ ফাইল বা মতামত ও অনুমোদন ছাড়া কোনও প্রস্তাব শেষ মুহূর্তে পাঠানোর পথ বন্ধ হয়ে গেল।

প্রশাসনের অন্দরের খবর, সাম্প্রতিক সময়ে দফতরগুলির মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকায় বহু প্রস্তাব আটকে যাচ্ছিল। সময়সীমা মেনে চলা চালু হলে ফাইলের দ্রুত নিষ্পত্তি হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি, ক্যাবিনেট বৈঠকের প্রস্তুতিতেও শৃঙ্খলা ফিরবে। কোন দফতর কাজ আটকে রাখছে, সেই জবাবদিহিও আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে প্রশাসনিক কাজকর্ম আরও সময়বদ্ধ করতেই নবান্ন এই পদক্ষেপ করেছে বলে মনে করছেন অভিজ্ঞ মহলের একাংশ। দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তা রূপায়ণের ক্ষেত্রে এই নির্দেশ নতুন গতি আনবে বলেই আশা করা হচ্ছে।