বাংলাদেশে যাচ্ছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লক্ষ সিম কার্ড! ইন্দোনেশিয়ায় আটক জাহাজ

বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। চিন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক গন্তব্যে পৌঁছনোর আগেই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে আটক হয়েছে। পণ্যবাহী জাহাজে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং লক্ষ লক্ষ সিম কার্ড। এই বিপুল পরিমাণ রাসায়নিকের প্রকৃত ব্যবহার এবং বাংলাদেশের কোন সংস্থার কাছে তা পাঠানো হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি চিনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাচ্ছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলের কাছে ইন্দোনেশিয়ার জলসীমায় জাহাজটিকে আটক করে সে দেশের নৌবাহিনী এবং ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই অভিযানের কথা জানানো হয়।
তল্লাশিতে জাহাজটিতে মোট ৩৬টি কন্টেনার পাওয়া যায়, যার মধ্যে ১৫টি কন্টেনারে ছিল প্রায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। পাশাপাশি ৫৪টি প্যালেটে রাখা ছিল লক্ষ লক্ষ অনিবন্ধিত ব্ল্যাঙ্ক ৪জি এলটিই সিম কার্ড। সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজিং রাসায়নিক, যা রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়। যদিও এটি নিজে থেকে বিস্ফোরক বা জ্বালানি নয়, তবে দহন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক আধিকারিকের দাবি, উদ্ধার হওয়া ওই পরিমাণ রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ তৈরি করা সম্ভব হতে পারে। তবে এই হিসাবের প্রযুক্তিগত ভিত্তি কিংবা রাসায়নিকের প্রকৃত ব্যবহার এখনও স্বাধীনভাবে যাচাই বা নিশ্চিত করা হয়নি।
নৌবাহিনীর নজরে আসে জাহাজটির অস্বাভাবিক গতিবিধি। বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার অজুহাতে নির্ধারিত রুট থেকে সরে থেমে যায় জাহাজটি। এরপর টহলদারি জাহাজ KRI Sigalu-857 সেটিকে আটক করে। অভিযোগ উঠেছে, জাহাজটি নৌবাহিনীর রেডিও যোগাযোগের কোনও সাড়া দেয়নি এবং সেটির নথিপত্র ও রেজিস্ট্রেশনেও অসঙ্গতি ধরা পড়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, চিন থেকে আসা এই বিপুল পরিমাণ রাসায়নিক ও লক্ষ লক্ষ সিম কার্ড বাংলাদেশের কোন সংস্থা বা ব্যক্তির কাছে পাঠানো হচ্ছিল। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জাহাজের কর্মী, পণ্যের নথিপত্র এবং চালানের প্রকৃত মালিকানা খতিয়ে দেখছে, যদিও এখনও আমদানিকারক বা চূড়ান্ত প্রাপকের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।