ধুতি-পাঞ্জাবিতে ‘বাঙালি স্পাইডারম্যান’! চন্দননগরের শোভাযাত্রায় ভাইরাল মার্কিন স্যুট পরা যুবক

প্রাকৃতিক দুর্যোগের জেরে এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ও শোভাযাত্রা পিছিয়ে যায়। ১৯ নভেম্বরের পরিবর্তে সেই শোভাযাত্রা সম্পন্ন হয় গতকাল। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা মানেই চোখধাঁধানো আলোকসজ্জা এবং প্রতিমা দেখতে হাজার হাজার মানুষের ভিড়। সেই জনস্রোতের মধ্যেই এবার আলাদা করে নজর কাড়ল ‘বাঙালি স্পাইডারম্যান’। সোনারপুরের বাসিন্দা ওই যুবক, যিনি নিজের নাম প্রকাশ্যে আনতে অনিচ্ছুক, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্পাইডারম্যানের পোশাক আনিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন।

ছোটবেলার অসম্পূর্ণ স্বপ্ন বড় হয়ে পূরণ করার লক্ষ্যেই চন্দননগরের শোভাযাত্রায় ধুতি-পাঞ্জাবির সঙ্গে স্পাইডারম্যানের পোশাক পরে হাজির হন তিনি। এর আগে কলকাতা ও বারাসত ঘুরে তিনি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় যোগ দেন। চন্দননগরের স্ট্র্যান্ড রোডের কাছে তাঁকে দেখে রীতিমতো চমকে ওঠেন পথচলতি মানুষ। কেউ এগিয়ে এসে তাঁর সঙ্গে হাত মেলান, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েন সেলফি তোলায়। স্পাইডারম্যানকে ঘিরে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় খুদেদের মধ্যে। নিজের শৈশবের স্বপ্ন পূরণের পাশাপাশি অন্যের মুখে হাসি ফোটানোই তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি।

নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ‘বাঙালি স্পাইডারম্যান’ বলেন, এই প্রথমবার তিনি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন এবং এখানকার আলোকসজ্জা তাঁর ভীষণ ভালো লেগেছে। পাশাপাশি চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা ‘রানিমা’-কেও দর্শন করেছেন বলে জানান তিনি।

কেন স্পাইডারম্যানের পোশাকের সঙ্গে ধুতি-পাঞ্জাবি বেছে নিলেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ছোটবেলায় স্পাইডারম্যান হওয়ার প্রবল ইচ্ছে থাকলেও তখন পোশাক কেনার মতো সামর্থ্য ছিল না। বড় হয়ে সেই অপূর্ণ স্বপ্নই পূরণ করছেন এবং আমেরিকা থেকে পোশাক আনিয়েছেন। দীর্ঘক্ষণ স্যুট পরে থাকলে প্রচণ্ড গরম লাগে স্বীকার করেও তিনি বলেন, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সেই কষ্টকে তিনি উপেক্ষা করতে রাজি, কারণ তাঁকে দেখে বাচ্চারা আরও বেশি খুশি হয়।

চন্দননগরের শোভাযাত্রায় অভিনব এই ‘বাঙালি স্পাইডারম্যান’-কে দেখে খুদে থেকে শুরু করে প্রবীণ—সকলের মধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এক তরুণী প্রীতি মহন্ত জানান, এর আগে কখনও সামনে থেকে স্পাইডারম্যান দেখেননি; চন্দননগরে এসে প্রথমবার ‘ইন্ডিয়ান স্পাইডারম্যান’-কে সামনে থেকে দেখে তিনি দারুণ উচ্ছ্বসিত।