প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুকে ‘দিমাগি নকশাল’ বলে আক্রমণ পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের! কী অভিযোগ উঠল?

পূর্বতন তৃণমূল জমানার মন্ত্রী ব্রাত্য বসুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে ‘দিমাগি নকশাল’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সম্প্রতি তৃণমূল আমলের দুই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসুর বিরুদ্ধে নিজেদের দফতরের চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে মুখ খুলে ব্রাত্য বসু ও বামপন্থী মানসিকতাকে তীব্র আক্রমণ শানিয়েছেন পরিবহণ মন্ত্রী, যা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।

ভুক্তভোগী মহিলাদের আনা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, “এরা দিমাগি নকশাল, তাই মেয়েদের সম্মান দেয় না।” এই প্রসঙ্গে বাম নেতা বিকাশ ভট্টাচার্যের একটি মন্তব্যের উল্লেখ করে অর্জুন সিং দাবি করেন, বামপন্থী ও অতি বামপন্থী মানসিকতার মানুষদের কাছে মহিলাদের কোনও সম্মান নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, এরা মাতৃশক্তিকে সম্মান করে না এবং মহিলাদের ভোগের সামগ্রী বলে মনে করে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পূর্বতন তৃণমূল সরকারের একাধিক নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন অভিযোগ সামনে আসছে এবং বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপও গ্রহণ করেছে। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বর্তমানে জেলবন্দি প্রাক্তন তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যৌন হেনস্তা, শ্লীলতাহানি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজন মহিলার অভিযোগের ভিত্তিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বাগুইআটি থানায় একটি জিরো এফআইআর দায়ের করেছেন। পরবর্তীতে সেই জিরো এফআইআর-এর ভিত্তিতে মামলাটি তদন্তের জন্য বিধাননগর উত্তর থানায় স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে তথ্য ও সম্প্রচার দফতরের দুই অস্থায়ী মহিলা কর্মী দাবি করেছেন, তাঁরা যৌন হেনস্তা ও শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এবং মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁদের ‘পানিশমেন্ট ট্রান্সফার’ বা শাস্তিমূলক বদলিও করা হয়েছিল।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এই দাবিগুলি মোটেও ঠিক নয় এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এদিকে, বাগুইআটি থানায় দায়ের হওয়া অভিযোগের সত্যতা এবং নেপথ্যে থাকা প্রকৃত তথ্য যাচাই করতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। ঠিক কোন প্রেক্ষাপটে এবং কবে এই ঘটনাগুলি ঘটেছিল বলে অভিযোগকারীরা দাবি করছেন, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।