সিঙ্গুরে ৯৯৭ একরে ফের বড় শিল্প! নিউ টাউনে এক ছাদের তলায় বিধানসভা-হাইকোর্ট?

সিঙ্গুরে বড় শিল্প গড়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন করে শিল্প বিনিয়োগের পাশাপাশি একাধিক প্রশাসনিক পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথাও জানালেন তিনি। রবিবার কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে এক সাংবাদিক বৈঠকে এই পরিকল্পনাগুলির কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিউ টাউনে একই ক্যাম্পাসে বিধানসভা এবং হাইকোর্ট তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
সিঙ্গুরের শিল্পায়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে বড় কিছু হতে চলেছে, এটুকু নিশ্চিত। ইতিমধ্যেই জমি কেনার নির্দেশ দেওয়া হয়েছে এবং হুগলির জেলাশাসক ও শিল্পোন্নয়ন দফতর যৌথভাবে এই বিষয়ে কাজ করছে। তাঁর কথায়, সিঙ্গুরে প্রায় ৯৯৭ একর জমি কেনার পরিকল্পনা রয়েছে। অতীতের পদ্ধতির প্রসঙ্গ টেনে তিনি জানান, বামেদের মতো লাঠিচার্জ করে জমি নেওয়া হবে না, আবার তৃণমূল সরকারের মতো জমি অধিগ্রহণের পথেও হাঁটা হবে না। যাঁরা স্বেচ্ছায় জমি দিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে সরাসরি জমি কেনা হবে। একাধিক বড় সংস্থা ইতিমধ্যেই শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি।
শুধু সিঙ্গুরেই সীমাবদ্ধ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে জমি কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। পুরুলিয়ায় পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের জন্য জমি কেনা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যারাকপুর শিল্পাঞ্চলেও জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিউ টাউনের পাশাপাশি ভাঙড়েও যাঁরা জমি বিক্রি করতে ইচ্ছুক, তাঁদের কাছ থেকে নির্ধারিত দামে জমি কেনার কথা জানিয়েছেন তিনি।