মাসে ৩০০০ টাকা পর্যন্ত বেকার ভাতা! চালু হচ্ছে ‘ভরসা প্রকল্প’, কবে থেকে পাবেন ও কীভাবে আবেদন করবেন?

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলির পুরশুড়ার একটি সরকারি অনুষ্ঠান থেকে তিনি জানান, বেকার তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার চালু করতে চলেছে নতুন ‘ভরসা প্রকল্প’ (Bharosa Scheme)। আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পটি অনুমোদনের জন্য পেশ করা হবে এবং জানুয়ারি মাস থেকেই তা চালুর পরিকল্পনা রয়েছে।

মাসে কত টাকা মিলবে?

প্রাথমিক ঘোষণা অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই প্রকল্পে ভাতার অঙ্ক নির্ধারিত হবে। স্নাতক বা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী যোগ্য আবেদনকারীরা মাসে ৩,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েট যোগ্য আবেদনকারীরা মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মূলত চাকরির প্রস্তুতি ও কর্মসংস্থানের অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের সাময়িক আর্থিক স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্ভাব্য যোগ্যতা ও শর্তাবলী

প্রকল্পের প্রাথমিক রূপরেখা অনুযায়ী, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে পারে এবং আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হওয়ার শর্তের কথা জানানো হয়েছে। অন্য কোনও সমজাতীয় সরকারি আর্থিক সহায়তা বা প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। তবে মন্ত্রিসভার অনুমোদন ও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই চূড়ান্ত শর্তাবলী স্পষ্ট হবে।

প্রয়োজনীয় নথি ও আবেদন পদ্ধতি

আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ, জন্মের শংসাপত্র, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, ডিবিটি (DBT) সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, সচল মোবাইল নম্বর এবং আয় ও স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লাগতে পারে।

সরকারি পোর্টাল চালু হলে অনলাইনে ব্যক্তিগত ও পারিবারিক তথ্যসহ নথি আপলোড করে আবেদন করা যাবে। পাশাপাশি বিডিও, এসডিও অফিস অথবা পুরসভা ও কর্পোরেশনের মাধ্যমে অফলাইনে আবেদন জমার ব্যবস্থাও থাকতে পারে। তবে চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি ও পোর্টাল প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনও অজানা বা বেসরকারি ওয়েবসাইটে ব্যক্তিগত ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।