প্রথমে ‘না’ বলেও তাজমহলে ছাড়! পাক মন্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লির, তবে আটকে গেল কোন সফর?

প্রথমে অনুমতি না মিললেও শেষ পর্যন্ত আগ্রার ঐতিহাসিক তাজমহল দর্শনের ছাড়পত্র পেলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত সরকারের তরফে তাঁর তাজমহল সফরে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও নিরাপত্তাজনিত এবং ব্যবস্থাপনাগত কারণে কেন্দ্র সেই আবেদন খারিজ করে দিয়েছে।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সাংস্কৃতিক বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন মুসাদ্দিক মালিক। সফরসূচির বাইরে তিনি তাজমহল এবং নিজামুদ্দিন দরগা ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। শুরুতে এ বিষয়ে আপত্তি থাকলেও পরবর্তীতে নিরাপত্তা মূল্যায়ন করে তাজমহল সফরের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি দিল্লির হুমায়ুনের সমাধি ও দিল্লি হাটের মতো সুরক্ষিত স্থানে যাওয়ার ছাড়পত্র মিললেও ঘনবসতিপূর্ণ ও ভিড়ভাট্টাযুক্ত নিজামুদ্দিন দরগা এলাকার নিরাপত্তা ও যাতায়াতের কথা বিবেচনা করে সেই সফর বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম ‘এসসিও সিভিলাইজেশনাল ডায়লগ ফোরাম’। সেই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতেই ভারতে এসেছেন পাক মন্ত্রী।

কূটনৈতিক মহলের মতে, এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির যোগদানের পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারতে এলেন। পাশাপাশি ২০২৫ সালের মে মাসে পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম কোনও পাক নেতা ভারতের মাটিতে পা রাখলেন। ফলে তাঁর এই সফর ও প্রতিটি পদক্ষেপের দিকেই কড়া নজর রাখছে ওয়াকিবহাল মহল।