এসসেকেবো ঘিরে গোপন মার্কিন-ভেনেজুয়েলা আঁতাত? তেলের দখল নিতে নতুন সমীকরণ!

খনিজ সম্পদে ভরপুর এসসেকেবো অঞ্চল নিয়ে ভেনেজুয়েলার দীর্ঘদিনের দাবি নতুন করে তীব্র রূপ নিয়েছে। কিন্তু আন্তর্জাতিক মহলে আসল চাঞ্চল্য তৈরি হয়েছে মার্কিন বিদেশ দপ্তরের আধিকারিকদের গোপন কূটনৈতিক যোগাযোগের খবর সামনে আসার পর। দাবি উঠছে, লোকচক্ষুর আড়ালে ওয়াশিংটন এই বিতর্কিত এলাকার ওপর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি করতে চাইছে। তবে এটি কেবল ভূখণ্ডের বিরোধ নয়; এর নেপথ্যে রয়েছে সমুদ্রের নিচে আবিষ্কৃত বিশাল নতুন তেলের ভাণ্ডার। এই সম্ভাব্য ঝুঁকি আঁচ করেই গায়ানা এমন এক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যা পশ্চিমী কৌশলবিদদের চমকে দিয়েছে—জর্জটাউন সরাসরি নয়াদিল্লির দ্বারস্থ হয়েছে।

সাম্প্রতিক মাসগুলির কয়েকটি অত্যন্ত গোপন বৈঠক থেকেই এই পরিস্থিতির সূত্রপাত। ২০২৬ সালের মে মাসে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়ে গায়ানা ও ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতার আবেদন জানান, যাতে এসসেকেবো অঞ্চল ভেনেজুয়েলার হাতে ফেরে। এর পরপরই জুলাই মাসে মার্কিন বিদেশ দপ্তরের পলিসি প্ল্যানিং ডিরেক্টর জেরেমি লুইন কারাকাসে যান। সেখানে নিছক কূটনীতির বাইরে গিয়ে সরাসরি বাণিজ্যিক প্রস্তাবের প্রসঙ্গ ওঠে বলে দাবি—এসসেকেবো পেতে ভেনেজুয়েলাকে সহায়তা করলে মার্কিন সংস্থা ও বাণিজ্যিক স্বার্থকে সেখানে অবাধ সুযোগ দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখা হয়।

পরবর্তী ধাপে সেপ্টেম্বরে ওই মার্কিন আধিকারিক ওয়াশিংটনে গায়ানার ফরেন সেক্রেটারি রবার্ট প্রসাদের সঙ্গে বৈঠক করেন এবং জানতে চান, এসসেকেবোর ওপর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ মেনে নেওয়া হলে গায়ানার অবস্থান কী হবে। এই প্রশ্ন গায়ানার প্রশাসনে তীব্র আলোড়ন তোলে। যদিও পরে মার্কিন বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় যে তাদের ঘোষিত নীতিতে কোনও পরিবর্তন আসেনি এবং তারা ১৮৯৯ সালের আন্তর্জাতিক রায়কে সম্মান করে। তবু পর্দার আড়ালের তৎপরতা নিয়ে সংশয় কাটেনি। সম্প্রতি গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্পষ্ট জানান, সার্বভৌমত্ব ও সীমান্ত নিয়ে কোনও আপস করা হবে না এবং বিরোধের নিষ্পত্তি আন্তর্জাতিক বিচার আদালতের নিয়মেই হবে।

এই সীমান্ত সংঘাতের শিকড় উনিশ শতকের ঔপনিবেশিক রাজনীতিতে প্রোথিত। ১৮১৪ সালের অ্যাংলো-ডাচ চুক্তির পর এই অঞ্চল ব্রিটিশ গায়ানার অন্তর্ভুক্ত হয় এবং ১৮৪১ সাল নাগাদ ভেনেজুয়েলা সীমানা নিয়ে আপত্তি তোলে। ১৮৯৭ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিরোধ নিষ্পত্তির বিষয়ে ব্রিটেন ও ভেনেজুয়েলা সম্মত হয় এবং ১৮৯৯ সালের প্যারিস আর্বিট্রাল অ্যাওয়ার্ডে ব্রিটিশ, মার্কিন ও রুশ আইনজ্ঞদের রায় এসসেকেবোকে গায়ানার অংশ হিসেবে স্বীকৃতি দেয়। ভেনেজুয়েলা তখন তা মেনে নিয়ে মানচিত্রে সই করলেও ১৯৬২ সালে গায়ানার স্বাধীনতার প্রাক্কালে সেই রায় অস্বীকার করে। দীর্ঘদিন নিস্তব্ধ থাকার পর ২০১৫ সালে উপকূলে বিপুল তেলের সন্ধান মিলতেই ভেনেজুয়েলার দাবি ফের জোরালো হয়। ২০২৩ সালে গণভোটের মাধ্যমে এলাকা দাবি করে সেনা পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়, যদিও আন্তর্জাতিক আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।

এসসেকেবোয় সোনা, হিরে ও বক্সাইটের পাশাপাশি আসল সম্পদ লুকিয়ে রয়েছে উপকূলবর্তী সমুদ্রে। সমুদ্র আইন অনুযায়ী উপকূলরেখার ভিত্তিতে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল নির্ধারিত হয়। স্ট্যাব্রোক ব্লক সেই উপকূলের পাশেই অবস্থিত, যেখানে দৈনিক প্রায় ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের সক্ষমতা তৈরি হয়েছে। এই ব্লকে এক্সনমোবিলের ৪৫ শতাংশ এবং শেভরনের ৩০ শতাংশ মিলিয়ে মার্কিন সংস্থাগুলির ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ রয়েছে, বাকি ২৫ শতাংশ চিনের সিএনওওসি-র হাতে। ভেনেজুয়েলার আর্থিক সম্পদ দীর্ঘদিন ধরে মার্কিন নজরদারি ও কাস্টডি অ্যাকাউন্টের আওতায় থাকায় তেলের নিয়ন্ত্রণ ঘুরেফিরে পশ্চিমী বলয়েই থাকার সমীকরণ কাজ করছে। প্রাথমিক পর্যায়ে ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের কারণে গায়ানা শুরুতে উৎপাদনের মাত্র ১৪ শতাংশ পেলেও খরচ উঠে আসার পর রয়্যালটিসহ ৪২ শতাংশের বেশি অংশ পাচ্ছে। ফলে গায়ানার ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি ও আত্মনির্ভরতা বিশ্বরাজনীতির হিসাবনিকাশে নতুন মাত্রা যোগ করেছে।