‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ডিজিটাল ধূসর অঞ্চলে বড় সংঘাতের ইঙ্গিত ব্রিটিশ সেনাকর্তার

বিশ্বজুড়ে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। প্রতিপক্ষ দেশকে চাপে ফেলতে বা ক্ষতিগ্রস্ত করতে এখন আর সীমান্ত পেরিয়ে ঢোকা কিংবা ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রয়োজন হয় না। প্রতিপক্ষের কম্পিউটার নেটওয়ার্ক, সরকারি ব্যবস্থা এবং ডিজিটাল পরিকাঠামোয় হানা দিয়েই তাকে দুর্বল করে তোলা সম্ভব। একে বলা হয় সাইবার যুদ্ধ বা ডিজিটাল লড়াই। এবার প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করল ব্রিটেন যে তাদের গোপন সাইবার বাহিনী রাশিয়া, চিন, ইরান এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোপন সাইবার অভিযান চালাচ্ছে।
২০ নভেম্বর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের সামরিক কমান্ডার জেনারেল স্যার রব ম্যাগওয়ান জানান, এই চার দেশ থেকে তৈরি হওয়া হুমকির মোকাবিলায় সক্রিয় রয়েছে ব্রিটেনের ন্যাশনাল সাইবার ফোর্স বা এনসিএফ। তাঁর মতে, রাশিয়া, চিন, ইরান এবং উত্তর কোরিয়া ব্রিটেনের জীবন ও নিরাপত্তার পক্ষে হুমকি, আর সেই কারণেই তাদের কার্যকলাপের জবাব দিতে পাল্টা পদক্ষেপ করছে ব্রিটেন।
ব্রিটেন কি তবে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়েছে? ম্যাগওয়ানের কথায়, ব্রিটেনের ওপর সাইবার হামলার আশঙ্কা অত্যন্ত প্রকট এবং তা ক্রমাগত বাড়ছে। এই দেশগুলির সঙ্গে ব্রিটেন সরাসরি সাইবার যুদ্ধে রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বলবেন না যে তারা যুদ্ধে আছেন, আবার শান্তিতেও নেই। যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এই অবস্থাকে তিনি ‘গ্রে জোন’ বা ধূসর অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে দেশগুলি একে অপরকে দুর্বল করার চেষ্টা চালায়।
২০২০ সালে গঠিত ব্রিটেনের ন্যাশনাল সাইবার ফোর্স চারটি সরকারি সংস্থার যৌথ উদ্যোগ—প্রতিরক্ষা মন্ত্রক, গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স বা জিসিএইচকিউ, গোয়েন্দা সংস্থা এমআই৬ এবং ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি বা ডিএসটিএল। এর কাজ কেবল নিজ দেশের প্রতিরক্ষা নয়, প্রয়োজনে বিরোধী দেশের ডিজিটাল নেটওয়ার্কে প্রবেশ করে তাদের কার্যক্রমে বিঘ্ন ঘটানোও। নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে এমন অভিযান চালানো হয়, যাতে বিপক্ষের গতিবিধি রোখা যায়। ব্রিটিশ সরকারের দাবি, জঙ্গি গোষ্ঠী দমন, বিদেশে সামরিক অভিযানের সুরক্ষা, নির্বাচনে বহিরাগত হস্তক্ষেপ ঠেকানো এবং অনলাইনে ভুয়া তথ্য ছড়ানো রুখতে এই বাহিনী ব্যবহৃত হয়, যদিও নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট অভিযানের সব তথ্য প্রকাশ করা হয় না।
সাইবার হানার প্রভাব যে শুধু সেনা বা সরকারি দপ্তরে সীমাবদ্ধ নয়, তা স্পষ্ট। বিদ্যুৎ, ব্যাঙ্কিং, রেল, হাসপাতাল, বিমানবন্দর এবং অন্যান্য জরুরি পরিষেবা ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় বড় হামলায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হতে পারে। গত বছর ব্রিটিশ গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড রোভারের ওপর সাইবার হামলায় বড় আর্থিক ক্ষতির নজির রয়েছে, পাশাপাশি ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন স্থানে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারও সাইবার হানার কবলে পড়েছিল। ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার গত এক বছরে ১,৮৩১টি সাইবার হামলার রিপোর্ট পেয়েছে, যার মধ্যে ৮০টি জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুতর।
ম্যাগওয়ানের দাবি, ব্রিটেনের সাইবার বাহিনীর একাধিক অভিযান সফল হলেও সেগুলির বিস্তারিত জানানো হয় না এবং অনেক সময় বিপক্ষ বুঝতেই পারে না যে তাদের সিস্টেমে প্রভাব সাইবার অভিযানের ফল। প্রচলিত যুদ্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণ দৃশ্যমান হলেও ডিজিটাল যুদ্ধে হামলাকারীর পরিচয় অজানা থেকে যেতে পারে, যা থেকে ভুল বোঝাবুঝি ও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়। ফলে ভবিষ্যতের যুদ্ধে জয়-পরাজয় সীমান্তের সেনার বদলে ডিজিটাল নেটওয়ার্কের নিয়ন্ত্রণই নির্ধারণ করবে কি না, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন।