ট্রেনে স্পিকারে রিলস বা গান? ১ হাজার টাকা জরিমানা থেকে ৬ মাস জেল, কড়া নির্দেশ পূর্ব রেলের!

ট্রেন বা স্টেশন চত্বরে মোবাইলের স্পিকার চালু করে গান বাজানো, রিলস বা ভিডিও দেখা এবং জোরে বা দীর্ঘক্ষণ ফোনে কথা বললে এবার কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে যাত্রীদের। সহযাত্রীদের অস্বস্তি ও শব্দদূষণ রুখতে বিশেষ নির্দেশিকা জারি করেছে পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার (PCCM)-এর দফতর। নিয়ম ভাঙলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং ক্ষেত্রবিশেষে ৬ মাস পর্যন্ত কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (PS) সুনীল কুমার মাহালার স্বাক্ষরে এই নির্দেশিকা পাঠানো হয়েছে শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদা—এই চারটি ডিভিশনের ডিআরএম বা বিভাগীয় রেলওয়ে ম্যানেজারদের কাছে। ২০১২ সালের ২৩ জুলাই রেলওয়ে বোর্ডের পুরনো নির্দেশিকা এবং ২০২৬ সালের ৬ অক্টোবর দক্ষিণ রেলের জারি করা সাম্প্রতিক নির্দেশিকার সূত্র ধরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশিকায় চারটি মূল বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রথমত, স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে এবং সম্ভব হলে ট্রেনের কামরার ভেতরেও বাংলা, হিন্দি ও ইংরেজিতে নিয়মিত ঘোষণা করে যাত্রীদের স্পিকারে গান বা ভিডিও না চালানো এবং উচ্চস্বরে বা দীর্ঘক্ষণ কথা না বলার অনুরোধ জানাতে হবে। দ্বিতীয়ত, স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গা এবং ট্রেনের কামরায়, বিশেষ করে এসি কোচে সতর্কতামূলক পোস্টার ও স্টিকার লাগিয়ে ইয়ারফোন ব্যবহার এবং ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার পরামর্শ দিতে হবে।
সহযাত্রীদের অসুবিধা তৈরি করলে বা তা উপদ্রবের পর্যায়ে পৌঁছালে সংশোধিত ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৫ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হবে। জন-বিশ্বাস (সংশোধনী) আইনের আওতায় সংশোধিত ১৪৫(২)(এ) ধারা অনুযায়ী, প্রথমবার নিয়ম ভাঙলে অভিযুক্তকে ট্রেন বা রেল চত্বর থেকে নামিয়ে দেওয়া হতে পারে এবং ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রেলকর্মীর সতর্কবার্তার পরেও একই আচরণ চললে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডই হতে পারে।
নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, কেবল টিকিট পরীক্ষক (TTE) বা তাঁর ওপরের পদমর্যাদার কমার্শিয়াল বিভাগের আধিকারিকরাই এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবেন, তাঁর নিচের স্তরের কর্মীরা নন। সব স্টেশনের নোটিস বোর্ডে বিজ্ঞপ্তি টাঙানোর পাশাপাশি সচেতনতা প্রচার ও গৃহীত পদক্ষেপের বিস্তারিত ইমপ্লিমেন্টেশন রিপোর্ট দ্রুত সদর দফতরে জমা দিতে বলা হয়েছে। রেলমদদ পোর্টালে জমা পড়া নানা অভিযোগের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে দক্ষিণ, উত্তর ও পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনেও এমন কড়াকড়ি শুরু হয়েছে, যদিও কলকাতা মেট্রো রেলের তরফে এখনও আলাদা কোনো নির্দেশিকা জারি হয়নি।