এক মাসেই উত্তরবঙ্গে নতুন উপাচার্য? সমাবর্তনে রোব নিয়ে বড় বার্তা মন্ত্রীর!

আগামী দু’মাসের মধ্যে রাজ্যের সমস্ত জমে থাকা সমাবর্তন অনুষ্ঠান শেষ করতে হবে, আর তার আগেই এক মাসের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হবে। শুক্রবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানে প্রচলিত রোব পরার রীতির বিরুদ্ধেও সরব হন তিনি।
এদিন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৮ থেকে ২০২১ ব্যাচের উত্তীর্ণ পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন মন্ত্রী। তিনি জানান, এই প্রতিষ্ঠানে চার বছরের ডিগ্রি একসঙ্গে দেওয়া হচ্ছে। মন্ত্রীর কথায়, শুধু এই কলেজই নয়, পশ্চিমবঙ্গের সরকারি পোষিত ৩১টি কলেজে এখনও সমাবর্তন হয়নি। পড়াশোনার পর পড়ুয়ারা সময়মতো ডিগ্রি না পেলে তা কাম্য নয়; তাই আগামী দু’মাসের মধ্যেই সব কলেজে সমাবর্তন প্রক্রিয়া সেরে ফেলার লক্ষ্য নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের শিক্ষাঙ্গন প্রসঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, সামনে বহু চ্যালেঞ্জ থাকলেও ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন এবং বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্যা মিটিয়ে এক মাসের মধ্যেই সেখানে উপাচার্য নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর দাবি, উত্তরবঙ্গের মানুষ ধারাবাহিকভাবে তাঁদের দলকে সমর্থন ও জয়ী করেছেন, তাই উত্তরবঙ্গকে তাঁরা দু’হাত ভরে দিতে চান।
সমাবর্তনে পোশাকের প্রথা নিয়েও এদিন স্পষ্ট অবস্থান নেন উচ্চ শিক্ষামন্ত্রী। ভারতীয় মূল্যবোধ ও ব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা আইআইটি-তে এখন আর রোব পরা হয় না, ভবিষ্যতে এই রাজ্যেও সেই ধারা বদলানো হবে। পুরনো প্রথা টেনে এনে সমাবর্তনে রোব পরার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তাঁর মন্তব্য, সমাবর্তনে উত্তরীয়ই যথেষ্ট, তাই তিনি নিজেও তা পরেননি।