নয়া দিগন্ত খুলবে কোন মঞ্চ? দিল্লিতে প্রথম এসসিও ফোরামে বড় বার্তা মোদীর!

নয়াদিল্লিতে আয়োজিত প্রথম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সিভিলাইজেশন ডায়লগ ফোরামের উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে এই প্রথমবার এমন ফোরাম আয়োজিত হচ্ছে বলে উল্লেখ করে দেশ-বিদেশ থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানান তিনি। আগামী ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলা তিন দিনের এই আয়োজনে এসসিওভুক্ত দেশগুলোর পণ্ডিত, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক প্রতিনিধিরা একত্রিত হয়ে অভিন্ন সভ্যতাগত ঐতিহ্য নিয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করেছেন যে, এই সংলাপ সদস্য দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে। তাঁর মতে, এই মঞ্চ নতুন চিন্তাধারা ও ভাবনার জন্ম দেবে, সাংস্কৃতিক আদানপ্রদানের নয়া সুযোগ তৈরি করবে এবং অভিন্ন সভ্যতাগত অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বকে আরও কাছাকাছি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এসসিও প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির প্রসঙ্গ তুলে ধরে মোদী জানান, দীর্ঘ যাত্রাপথে এই সংগঠন নিরাপত্তা, অর্থনীতি এবং সংযোগ বা কানেক্টিভিটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করেছে। সেই পটভূমিতে দাঁড়িয়ে সাংস্কৃতিক ও সভ্যতাগত সহযোগিতা সদস্য দেশগুলোর সম্পর্ককে আরও মজবুত করবে এবং বিশ্বকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে বলে মনে করেন তিনি।