শ্রবণশক্তি হারিয়ে আড়ালে ছিলেন অলকা! ফের মঞ্চে ফিরছেন গায়িকা, দারুণ খবর দিলেন সুভাষ ঘাই

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন গান এবং প্রকাশ্য মঞ্চ থেকে দূরে থাকার পর ফের গানের জগতে ফিরতে চলেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং মঞ্চে ফেরার ইঙ্গিত দিয়ে অনুরাগীদের সুখবর শুনিয়েছেন পরিচালক সুভাষ ঘাই।
সম্প্রতি অলকা ইয়াগনিকের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুভাষ ঘাই। সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি তিনি জানান, আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ের জিয়ো গার্ডেনে তাঁর সঙ্গীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অলকাকে আমন্ত্রণ জানান পরিচালক।
সুভাষ ঘাইয়ের পোস্ট অনুযায়ী, আমন্ত্রণ পেয়ে আনন্দের সঙ্গে অনুষ্ঠানে আসার সম্মতি দিয়েছেন অলকা ইয়াগনিক। গায়িকার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা তুলে ধরে পরিচালক জানান, তাঁর চোখেমুখে আবারও পুরনো উজ্জ্বলতা ও প্রাণশক্তি ধরা পড়েছে। আমন্ত্রণ পাওয়ার পর অলকা উঠে দাঁড়িয়ে হাসিমুখে জানিয়েছেন যে তিনি অনুষ্ঠানে আসবেন, আর তাঁর এই সাড়া উপস্থিত সবার মন ভালো করে দিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে আচমকাই শ্রবণশক্তি হারানোর কথা জানিয়েছিলেন অলকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তাঁর এই সমস্যার নাম সেন্সরিনিউরাল হিয়ারিং লস। ভাইরাসের সংক্রমণের পর বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই কানে শুনতে না পাওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি।