‘রিয়েলিটি শো’-এর মতো দূরত্ব! মানেকাকে নিয়ে বইয়ে বিস্ফোরক সোনিয়া গান্ধী

‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ বইয়ের পাতায় নিজের জীবনের নানা সময় ও অভিজ্ঞতা সাজিয়ে তুলেছেন সোনিয়া গান্ধী। ব্যক্তিগত সম্পর্ক, রাজনীতি এবং সময়ের ওঠাপড়ার পাশাপাশি এই স্মৃতিকথায় উঠে এসেছে গান্ধী পরিবারের অন্দরমহলের নানা প্রসঙ্গও। বিশেষ করে মানেকা গান্ধীর সঙ্গে তাঁর সম্পর্ক এবং সময়ের সঙ্গে সেই সম্পর্কের বদলে যাওয়ার দিকটি নিয়ে বইয়ে খোলামেলা আলোচনা করেছেন সোনিয়া।
নিজের বইয়ে সোনিয়া গান্ধী জানিয়েছেন, ১৯৭৩ সালে সঞ্জয় গান্ধীর সঙ্গে তাঁর হবু স্ত্রীর পরিচয় হয়। সে সময় মানেকা ছিলেন তাঁর চেয়ে দশ বছরের ছোট, প্রাণবন্ত ও সুন্দরী এক তরুণী, যিনি তখনও প্রাপ্তবয়স্ক হননি। সোনিয়ার লেখা অনুযায়ী, মানেকার ১৮ বছর পূর্ণ হওয়ার ঠিক পরের বছরই সঞ্জয় গান্ধী ও তাঁর বিয়ে হয়।
সেই সময়ের তরুণী মানেকাকে উচ্ছল ও প্রাণবন্ত হিসেবে বর্ণনা করেছেন সোনিয়া। তাঁর মতে, পরবর্তীতে দুজনের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল, আজকের সময়ের প্রেক্ষিতে তাকে অনেকটা ‘রিয়েলিটি শো’-এর সঙ্গে তুলনা করা চলে।
বইয়ে সোনিয়া লিখেছেন, মানেকা ছিলেন দারুণ প্রাণশক্তিতে ভরপুর। প্রথম দিকে পরিবারে একজন কমবয়সী জা আসাটা বেশ আনন্দেরই ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশ বদলাতে থাকে এবং নানা বিষয়ে অস্বস্তি ও তিক্ততা তৈরি হয়। সেই উত্তপ্ত ও তিক্ত পরিস্থিতিতে নিজে কী করতেন, তাও তুলে ধরেছেন তিনি। সোনিয়ার কথায়, মানেকা যখন চিৎকার করতেন, তখন পরিস্থিতি সামাল দেওয়ার স্বার্থে তিনি সাধারণত চুপ থাকতেন।