‘মুখোমুখি লড়াই হোক’, অযোধ্যায় অখিলেশকে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ যোগীর!

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে নিজের বিরুদ্ধে ভোটে লড়ার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একটি জনসভা থেকে অখিলেশকে অযোধ্যা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে গোরখপুর শহর আসন থেকে জয়ী হয়েছিলেন যোগী আদিত্যনাথ। তবে সাম্প্রতিক জনসভায় তিনি জানান, অখিলেশ যাদব যদি তাঁর প্রস্তাবে রাজি হন, তবে তিনিও এবার অযোধ্যা থেকেই নির্বাচনে লড়বেন।

কয়েক দিন আগেই যোগী আদিত্যনাথকে অযোধ্যা থেকে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন অখিলেশ। সেই চ্যালেঞ্জের জবাবেই যোগী বলেন, অখিলেশ অযোধ্যা থেকে মনোনয়ন জমা দিলে তিনিও ওই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মুখোমুখি লড়াই হবে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়ার মতো সাহস অখিলেশের নেই। কটাক্ষের সুরে যোগী আরও বলেন, যাঁরা সরাসরি লড়াইয়ে ভয় পান, তাঁরাই পিছন থেকে আক্রমণ করেন।

পাশাপাশি গত বুধবার গোরখপুরে অখিলেশ যাদবের রোড শো-এর সময় এক কিশোরের মৃত্যুর ঘটনায় সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ শানান যোগী আদিত্যনাথ। সপ-এর বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ তুলে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।