নেমপ্লেটে ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’, বিয়ের আগের দিন নিকাহ বাতিলে ক্ষোভ ও এফআইআর!

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটি বিয়ের নিকাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ির বাইরের নামফলকে ‘বন্দে মাতরম’ এবং ‘জয় হিন্দ’ লেখা থাকার কারণে শেষ মুহূর্তে নিকাহ পড়াতে অস্বীকার করেছেন মসজিদের ইমাম। এই ঘটনায় চরম মানসিক যন্ত্রণা ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে পরিবারটিকে। অভিযোগের ভিত্তিতে ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে ইমাম এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

ঘটনাটি রোজা থানা এলাকার বারমৌলা অর্জুনপুর গ্রামের। অভিযোগকারী মোনিস পুলিশকে জানান, গত ১৫ নভেম্বর তাঁর বোনের বিয়ে নির্ধারিত ছিল। আগে থেকেই মসজিদের ইমামকে বিয়ের দিনক্ষণ জানানো হয়েছিল এবং তিনি নিকাহ পড়াতে সম্মতিও দিয়েছিলেন। মোনিসের দাবি, বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ হওয়ার পর আত্মীয়স্বজন ও অতিথিরাও আসতে শুরু করেছিলেন। কিন্তু বিয়ের ঠিক আগের দিন পরিস্থিতি বদলে যায়।

মোনিসের অভিযোগ অনুযায়ী, আগের দিন হঠাৎ করেই ইমাম নিকাহ পড়াতে অস্বীকার করেন। এর কারণ জানতে চাইলে ইমাম জানান, পরিবারটি হিন্দু রীতিনীতি মেনে চলে এবং এমন কথা বলে যা ইসলামে হারাম বলে বিবেচিত। অভিযোগে আরও বলা হয়েছে, মোনিসের বাড়ির বাইরে একটি নেমপ্লেটে ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’ লেখা রয়েছে। এর আগেও সম্প্রদায়ের কয়েকজন সদস্য ওই লেখা সরানোর জন্য পরিবারকে বুঝিয়েছিলেন, কিন্তু বিশ্বাস ও দেশপ্রেমের সঙ্গে জড়িয়ে থাকা ওই লেখা সরাতে রাজি হননি তাঁরা।

মোনিসের বক্তব্য, প্রত্যেকেরই নিজস্ব ধর্ম, বিশ্বাস ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার রয়েছে। বাড়ির বাইরে দেশাত্মবোধক স্লোগান লেখা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, আর সেই অজুহাতে ধর্মীয় ও সামাজিক কাজে বাধা দেওয়া অন্যায়। অতিথিদের সামনে এমন ঘটনায় পরিবারটি চরম অপমান ও মানসিক চাপে পড়ে বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে, ইমাম তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। তাঁর পাল্টা বক্তব্য, ওই সময় হাতে যথেষ্ট সময় না থাকায় তিনি আগেই নিকাহ পড়াতে অপারগতা জানিয়েছিলেন এবং অন্য ধর্মগুরুর শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে মনগড়া অভিযোগে মামলা করা হয়েছে বলে দাবি ইমামের।