১০০ কোটি ঘণ্টা ওয়াচ টাইম! ‘বিগ বস ২০’ কি বাড়ছে আরও ৪ সপ্তাহ? দেখে নিন ইতিহাসের দীর্ঘতম ৩ সিজন

সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’ (Bigg Boss 20) দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৬০ দিনেরও কম সময়ে জিওহটস্টারে (JioHotstar) শো-টির ওয়াচ টাইম ১০০ কোটি ঘণ্টা ছাড়িয়ে গেছে। এই বিপুল জনপ্রিয়তার পর থেকেই শো-টির মেয়াদ আরও ২ থেকে ৪ সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনটা হলে তা নতুন কিছু নয়; দর্শকদের আগ্রহ এবং খেলার নাটকীয়তাকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি দিন চলেছে হিন্দি ‘বিগ বস’। ২০ বছরের ইতিহাসে সাধারণত ১০৫ দিন বা ১৫ সপ্তাহের কাঠামো ভেঙে দীর্ঘতম হওয়া শীর্ষ তিনটি সিজনের তালিকা ও নেপথ্যের কারণ দেখে নেওয়া যাক।

১৪২ দিনের দীর্ঘতম সিজন: বিগ বস ১৪

হিন্দি ‘বিগ বস’-এর ইতিহাসে সবচেয়ে বেশি দিন অন-এয়ার থাকার নজির রয়েছে অভিনেত্রী রুবিনা দিলাইক বিজয়ী ‘বিগ বস ১৪’-এর দখলে। ৩ অক্টোবর ২০২০ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত টানা ১৪২ দিন অর্থাৎ ২০ সপ্তাহ ধরে চলেছিল এই সিজন। মজার বিষয় হলো, শুরু থেকেই আকাশছোঁয়া টিআরপির কারণে নয়, বরং শুরুর দিকের মন্থর গতি কাটাতেই নির্মাতাদের দীর্ঘ সময় নিতে হয়েছিল।

প্রথমদিকে নতুন প্রতিযোগীরা সেভাবে জমে উঠতে না পারায় শো-তে গতি আনতে প্রথম ১৮ দিন সিদ্ধার্থ শুক্লা, হিনা খান এবং গওহর খানকে ‘তুফানি সিনিয়র’ হিসেবে ঘরে পাঠানো হয়। তাঁদের বিদায়ের পর ফের গতি কমলে ডিসেম্বরে রাখি সাওয়ান্ত, বিকাশ গুপ্তা, আরশি খান, রাহুল মহাজন, কাশ্মীরা শাহ ও মনু পাঞ্জাবির মতো পুরনো ‘চ্যালেঞ্জার’-দের প্রবেশ ঘটে। রাখির বিনোদন, রুবিনা-অভিনবের ব্যক্তিগত জীবনের নানা দিক এবং আলি গোনির কৌশল শো-টিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে এবং তা ১৪২ দিনের দীর্ঘতম সিজনে পরিণত হয়।

টিআরপির জোরে ৫ সপ্তাহের এক্সটেনশন: বিগ বস ১৩

দীর্ঘতম সিজনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার ব্লকবাস্টার সিজন ‘বিগ বস ১৩’ (২০১৯-২০)। ২৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত মোট ১৪১ দিন (২০ সপ্তাহ) চলেছিল এই পর্ব। আগের সিজন আশানুরূপ না হওয়ায় নির্মাতারা কেবল তারকাদের নিয়ে আসেন এবং শুরুতে ‘৪ সপ্তাহে প্রথম ফিনালের’ মতো ভিন্নধর্মী পরীক্ষা চালান। পরবর্তীতে সিদ্ধার্থ শুক্লা ও আসিম রিয়াজের তীব্র দ্বন্দ্ব, সিদ্ধার্থ-শেহনাজ গিলের রসায়ন এবং রাশমি দেশাইয়ের সঙ্গে উত্তপ্ত বাক্যালাপ টিআরপির সব রেকর্ড ভেঙে দেয়। দর্শকদের উন্মাদনায় সাড়া দিয়ে নির্মাতারা সরাসরি ৫ সপ্তাহ মেয়াদ বাড়ান, ফলে ১০৫ দিনের শো পৌঁছে যায় ১৪১ দিনে এবং ফ্র্যাঞ্চাইজির অন্যতম সফল সিজনে পরিণত হয়।

দর্শকদের চাহিদায় ৪ সপ্তাহ বৃদ্ধি: বিগ বস ১৬

তৃতীয় স্থানে রয়েছে র‍্যাপার এমসি স্ট্যান, শিব ঠাকরে ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর সিজন ‘বিগ বস ১৬’ (২০২২-২৩)। ১ অক্টোবর ২০২২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ১৩৪ দিন অর্থাৎ ১৯ সপ্তাহ চলেছিল এই সিজন। এই পর্বের বিশেষত্ব ছিল এর থিম—‘এইবার বিগ বস নিজে খেলবেন’। প্রথমবার বিগ বসকে প্রতিযোগীদের সঙ্গে সরাসরি খুনসুটি ও কটাক্ষ করতে দেখা যায়। পাশাপাশি প্রিয়াঙ্কার স্পষ্টবাদিতা, শিবের কৌশল, অর্চনা গৌতমের সংলাপ, আবদু রোজিকের সারল্য এবং এমসি স্ট্যানের বিপুল অনুরাগী সংখ্যা শো-টিকে শীর্ষ টিআরপি তালিকায় ধরে রাখে। দর্শকদের ব্যাপক চাহিদার কারণেই নির্মাতারা ৪ সপ্তাহের এক্সটেনশন দেন।